Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে পাসপোর্ট বা আকামা হারালে জরিমানা ১০ হাজার রিয়াল!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৮:১৭

কাতারে পাসপোর্ট বা আকামা হারালে জরিমানা ১০ হাজার রিয়াল!

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

কাতারে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পাসপোর্ট, ভ্রমণসংক্রান্ত নথি (Travel Document) অথবা রেসিডেন্স পারমিট (আকামা) হারিয়ে গেলে কিংবা ক্ষতিগ্রস্ত হলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করলে সর্বোচ্চ ১০ হাজার কাতারি রিয়াল জরিমানা হতে পারে।

কাতারে প্রবাসীদের প্রবেশ, বহির্গমন ও বসবাস নিয়ন্ত্রণকারী আইন অনুযায়ী এ ধরনের অবহেলার জন্য জরিমানার বিধান রয়েছে। দেশটির বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী, কাতারে বসবাসরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভ্রমণ নথি বা রেসিডেন্স পারমিট হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এই নিয়ম না মানলে সর্বোচ্চ ১০ হাজার কাতারি রিয়াল জরিমানা হতে পারে। 

কাতারের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের প্রবেশ, প্রস্থান ও বসবাস নিয়ন্ত্রণসংক্রান্ত ২০১৫ সালের ২১ নম্বর আইনে (Law No. 21 of 2015) এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

তবে এটি নতুন কোনো আইন বা সম্প্রতি কার্যকর হওয়া বিধান নয়। বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ একটি শর্ত নতুন করে আলোচনায় এসেছে।

কাতারের Law No. 21 of 2015-এর ১৫ নম্বর ধারা অনুযায়ী, দেশটিতে বসবাসরত কোনো বিদেশি নাগরিকের পাসপোর্ট, ভ্রমণ নথি বা রেসিডেন্স পারমিট হারিয়ে গেলে কিংবা ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি জানার সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

একই সাথে হারানো বা ক্ষতিগ্রস্ত নথির পরিবর্তে নতুন নথি সংগ্রহের ব্যবস্থা নিতে হবে। আইনে এ তথ্য জানানোর জন্য কয়েক দিন বা নির্দিষ্ট কোনো সময়সীমার ছাড় দেয়া হয়নি। বরং বিষয়টি জানার পরপরই কর্তৃপক্ষকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।

আইনটির ৪০ নম্বর ধারার দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, ১৫ নম্বর ধারার বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার কাতারি রিয়াল জরিমানা হতে পারে। তবে পাসপোর্ট বা রেসিডেন্স পারমিট হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়া নিজে অপরাধ নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি না জানানো বা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার কারণে শাস্তির মুখে পড়তে হতে পারে।

এখানে ১০ হাজার রিয়াল সর্বোচ্চ নির্ধারিত জরিমানা। প্রত্যেক ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে, এমন নয়।

কীভাবে জানাবেন:

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (MoI) Metrash2 অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট বা আকামা হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার বিষয়টি রিপোর্ট করা যায়।

কাতারে বসবাসরত প্রবাসীদের জন্য পরামর্শ:

- পাসপোর্ট ও আকামা নিরাপদে রাখুন।

- হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

- প্রয়োজনীয় রিপোর্ট ও কাগজপত্র সংরক্ষণ করুন।

Logo