Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে বেতন বকেয়া, কর্মীরা কোথায় যাবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৯

সৌদি আরবে বেতন বকেয়া, কর্মীরা কোথায় যাবেন?

সৌদি আরবে চাকরি করার পরও মাসের পর মাস বেতন না পেলে কর্মীদের চুপ করে থাকার প্রয়োজন নেই। সৌদি আরবে বেতন না পাওয়া কর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ করে নাজিজ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পাওনা আদায়ের আবেদন করতে পারেন। এ সুবিধার জন্য চাকরির চুক্তি কিওয়া প্ল্যাটফর্মে নির্ধারিত মডেলে নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি চুক্তির বিপরীতে বিচার মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন সেন্টার থেকে দেয়া ‘এক্সিকিউশন নম্বর’ থাকতে হবে। শুধু কাগজে স্বাক্ষর করা চুক্তি থাকলেই এই প্রক্রিয়ায় আবেদন করা যাবে না।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলতি বছরের মে মাসে প্রকাশিত ঘোষণায় নথিভুক্ত চাকরির চুক্তিকে সরাসরি বলবৎযোগ্য দলিল হিসেবে ব্যবহারের উদ্যোগের দ্বিতীয় ধাপের কথা জানানো হয়। ফলে এটি নভেম্বরের নতুন ঘোষণা নয়; আগে ঘোষিত ব্যবস্থার আওতায় কর্মীদের বকেয়া বেতন আদায়ের সুযোগ রয়েছে।

ওই ঘোষণা অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি হালনাগাদ বা মেয়াদ শেষে নবায়নের সময় এ ব্যবস্থার আওতায় আনার কথা বলা হয়েছে। অনির্দিষ্ট মেয়াদের চুক্তিকে তৃতীয় ধাপে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়।

মন্ত্রণালয়ের নির্দেশিকায় বেতন আদায়ের আবেদন করার জন্য দুটি সময়সীমা দেয়া হয়েছে। বেতন একেবারেই পরিশোধ না হলে নির্ধারিত পরিশোধের তারিখ থেকে ৩০ দিন পর কর্মী আবেদন করতে পারবেন। বেতনের কিছু অংশ পরিশোধ করা হলে বাকি পাওনার জন্য এই সময়সীমা ৯০ দিন।

এই ব্যবস্থায় চুক্তির বেতনসংক্রান্ত শর্ত কার্যকর করার আবেদন করা যায়। এর মধ্যে মূল বেতনের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে আবাসন ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য নগদ ভাতা অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে নিয়োগকারী প্রতিষ্ঠান। কিওয়ায় নতুন চুক্তি বা বিদ্যমান চুক্তির হালনাগাদের অনুরোধ জমা দেয়ার পর তা কর্মীর কাছে পাঠানো হয়। কর্মী সেটি অনুমোদন, প্রত্যাখ্যান অথবা সংশোধনের প্রস্তাব দিতে পারেন। উভয় পক্ষ অনুমোদন করলে সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে চুক্তিটি বলবৎযোগ্য মর্যাদা পায়।

পাওনা আদায়ের জন্য কর্মীকে নাজিজ প্ল্যাটফর্মে প্রবেশ করে ‘এনফোর্সমেন্ট’ বিভাগ থেকে আবেদন জমা দিতে হবে। বেতন পরিশোধের তথ্য ইলেকট্রনিকভাবে মজুরি সুরক্ষা কর্মসূচির তথ্যের সাথে মিলিয়ে যাচাই করা হয়।

আবেদনের নোটিশ পাওয়ার পর নিয়োগকর্তাকে পাঁচ দিন সময় দেয়া হয়। এ সময়ের মধ্যে তিনি আপত্তি জানাতে অথবা পাওনা পরিশোধ করতে পারেন। তাই আবেদন জমা দেয়া মানেই তাৎক্ষণিকভাবে টাকা পাওয়া নিশ্চিত নয়।

Logo