মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে সেরা কর্মীদের উৎকর্ষ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪০
সৌদি আরব
সৌদিতে ভোক্তা অধিকার ভঙ্গের দায়ে ৮০ লাখ রিয়াল জরিমানা
সৌদি আরবে ভোক্তা অধিকার সুরক্ষায় নতুন আইন অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। নতুন আইনে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৮০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত, নিয়মবহির্ভূত পণ্য জব্দ এবং ভোক্তাদের সতর্ক করতে প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য প্রকাশের সুযোগ থাকবে। পণ্যের ভুল তথ্য দেওয়া, নকল পণ্য বিক্রি, ক্রেতাকে বিভ্রান্ত করা এবং নির্দিষ্ট পদ্ধতিতে অর্থ পরিশোধের জন্য অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সাময়িক মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাও পাবে কর্তৃপক্ষ। আইনটি সরকারি গেজেটে প্রকাশের ১৮০ দিন পর কার্যকর হবে। এটি আগের তিনটি আইনকে একীভূত করবে। প্রবাসীদের জন্য বার্তা হলো সৌদিতে বসবাসরত বাংলাদেশিরা পণ্য কেনাকাটা ও সেবা গ্রহণের ক্ষেত্রে আরো আইনি সুরক্ষা পাবেন। প্রতারণা বা অতিরিক্ত মূল্য আদায়ের শিকার হলে অভিযোগ করার সুযোগ থাকবে।
বাহরাইন
বাহরাইনে সেরা কর্মীদের উৎকর্ষ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত
বাহরাইনে বেসরকারি খাতে কর্মরত দক্ষ ও মেধাবী কর্মীদের সম্মান জানাতে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ৪১তম বার্ষিক ওয়ার্কার্স এক্সিলেক্স অ্যাওয়ার্ড। এ আয়োজনের প্রস্তুতি নিয়ে দ্বিতীয় বৈঠক করেছে পুরস্কার কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির শ্রম ও আইনবিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আবদুলহুসাইন খালাফ। বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফার পৃষ্ঠপোষকতায় শ্রম মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করছে। মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে অবদান রাখা দক্ষ কর্মীদের স্বীকৃতি দেওয়া এবং কর্মক্ষেত্রে দক্ষতা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়ন বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য। এ পুরস্কার মূলত বাহরাইনি কর্মীদের জন্য হলেও বাহরাইনের বেসরকারি খাতে কর্মীদের দক্ষতা ও পেশাগত উন্নয়নে দেশটির গুরুত্ব দেয়ার বিষয়টি প্রবাসীদের জন্যও তাৎপর্যপূর্ণ।
কুয়েত
কুয়েতে লাইসেন্স ছাড়া বাস ভাড়া নিলে শাস্তি
কুয়েতে অনুমোদন ছাড়া বাস ভাড়া ও পরিবহন সেবা পরিচালনার বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১০ নভেম্বর এক সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান যে ধরনের পরিবহন সেবার লাইসেন্স পেয়েছে, তার বাইরে অন্য কাজে বাস ব্যবহার করতে পারবে না। শ্রমিক পরিবহন কিংবা স্কুলের শিক্ষার্থী আনা-নেয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বাসের প্রয়োজনীয় লাইসেন্স থাকতে হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাস ভাড়া নেয়ার আগে পরিবহন কোম্পানির বৈধ অনুমোদন যাচাই করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য বার্তা হলো, কুয়েতে কর্মস্থলে যাতায়াত বা সন্তানদের স্কুলে আনা-নেয়ার জন্য বাস ভাড়া করার আগে প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করুন। অবৈধ পরিবহন সেবা ব্যবহার করলে নিরাপত্তা ও আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে চাকরির জন্য যোগাযোগ দক্ষতার চাহিদা বেশি
সংযুক্ত আরব আমিরাতের চাকরির বাজারে নিয়োগদাতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যোগাযোগের দক্ষতাকে। ইনফর্মা কানেক্ট একাডেমি প্রকাশিত ইউএই স্কিল ইনডেক্সের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। লিংকডইনে প্রকাশিত ৪ হাজার ৭০৬টি চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, আমিরাতে ৫৯ দশমিক ১ শতাংশ চাকরির বিজ্ঞাপনে যোগাযোগ দক্ষতার কথা উল্লেখ রয়েছে। এরপর রয়েছে দলগতভাবে কাজ করার দক্ষতা ৪১ দশমিক ৭ শতাংশ, নেতৃত্ব দেয়ার দক্ষতা ৩২ দশমিক ৭ শতাংশ এবং ইংরেজি ভাষায় দক্ষতা ২৬ দশমিক ৩ শতাংশ। তালিকায় আরবি ভাষায় দক্ষতার অবস্থান সপ্তম। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দক্ষতার অবস্থান ১৩তম। তবে তথ্যপ্রযুক্তি ও ডেটা বিশ্লেষণের মতো কাজে এআই দক্ষতার চাহিদা বেশি রয়েছে আমিরাতের চাকরির বাজারে। প্রবাসীদের জন্য এখানে বার্তা হলো, আমিরাতে চাকরি পেতে শুধু কারিগরি দক্ষতা যথেষ্ট নয়। ইংরেজি, আরবি, যোগাযোগ ও দলগতভাবে কাজ করার দক্ষতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
logo-1-1740906910.png)