Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ নভেম্বর ২০২৬

সৌদিতে ডাক্তারের পরীক্ষা ছাড়া সিক লিভ নেয়া নিষেধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২২:৩০

সৌদিতে ডাক্তারের পরীক্ষা ছাড়া সিক লিভ নেয়া নিষেধ

সৌদি আরব

সৌদিতে ডাক্তারের পরীক্ষা ছাড়া সিক লিভ নেয়া নিষেধ

সৌদি আরবে অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ দেয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ১১ নভেম্বর মন্ত্রণালয় জানিয়েছে, রোগীর অনুরোধে নয়, চিকিৎসকের শারীরিক পরীক্ষা ও রোগের অবস্থা বিবেচনা করেই ছুটি দিতে হবে। অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্র ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সিক লিভ নেয়া যাবে না। জাল মেডিকেল সার্টিফিকেট তৈরি কিংবা অনিয়মের মাধ্যমে ছুটি নেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অবৈধ সুবিধা নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। জাল মেডিকেল সনদ তৈরির ক্ষেত্রে এক বছর পর্যন্ত কারাদণ্ড ও এক লাখ রিয়াল জরিমানার বিধানও রয়েছে। সৌদি প্রবাসীদের জন্য বার্তা হলো অসুস্থ হলে অনুমোদিত চিকিৎসাকেন্দ্র থেকে পরীক্ষা করিয়ে ছুটি নিতে হবে। জাল সনদ বা দালালের সহায়তায় ছুটি নেয়া বড় আইনি ঝুঁকি তৈরি করতে পারে।


বাহরাইন

বাহরাইনে ডিসেম্বরে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার ফি মওকুফ

বাহরাইনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ডিসেম্বরজুড়ে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৬ সালের ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা কোনো প্রচারমূলক ক্যাম্পেইন ফি ছাড়াই বিশেষ অফার, মূল্যছাড় ও বিভিন্ন প্রচারণা চালাতে পারবেন। একই সঙ্গে দোকানগুলো তাদের ছাড়ের মেয়াদও বাড়াতে পারবে। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ বিন আদেল ফাখরো জানিয়েছেন, এ উদ্যোগের লক্ষ্য বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং কেনাকাটায় ক্রেতাদের উৎসাহিত করা। ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠানকে বিশেষ ছাড়, অফার ও পুরস্কারভিত্তিক প্রচারণা আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা অধিদপ্তর ব্যবসায়ীদের অংশগ্রহণের প্রক্রিয়াও সহজ করবে। বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা ডিসেম্বরজুড়ে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাওয়ার সুযোগ পেতে পারেন। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরাও প্রচার ফি ছাড়াই বিশেষ অফার ও মূল্যছাড়ের ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গাড়িতে শিশুদের বিশেষ সিট বাধ্যতামূলক

আরব আমিরাতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, চার বছর বা তার কম বয়সী শিশুদের গাড়িতে উপযুক্ত চাইল্ড সেফটি সিট ব্যবহার বাধ্যতামূলক। শিশুর উচ্চতা ও ওজন অনুযায়ী সিট নির্বাচন করতে হবে এবং সাধারণত গাড়ির পেছনের আসনে বসাতে হবে। তবে চিকিৎসাজনিত বিশেষ পরিস্থিতি কিংবা গাড়িতে পেছনের আসন না থাকলে নির্দিষ্ট শর্তে সামনে সিট বসানোর অনুমতি রয়েছে। অন্যদিকে, ১০ বছরের বেশি বয়সী অথবা কমপক্ষে ১৪৫ সেন্টিমিটার উচ্চতার শিশুরা সামনের আসনে বসতে পারবে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট আইনি বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হতে পারে। ফলে প্রবাসীদের জন্য বার্তা হলো যেসব বাংলাদেশি পরিবার সন্তান নিয়ে আমিরাতে বসবাস করছেন, তাদের নতুন নিয়ম সম্পর্কে জানতে হবে। শিশুদের নিরাপত্তার পাশাপাশি জরিমানা এড়াতেও নিয়ম মেনে চলা জরুরি। 


কুয়েত

কুয়েতে ব্যাংকিং লেনদেনে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

কুয়েতে অর্থপাচার ও সন্দেহজনক আর্থিক লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোর নজরদারি বাড়ানো হচ্ছে। এখন থেকে একবারে তিন হাজার দিনারের কম অর্থ জমা বা স্থানান্তর করলেও একই গ্রাহকের বারবার করা লেনদেন পর্যবেক্ষণ করবে ব্যাংকগুলো। আগে মূলত এক দিনে তিন হাজার দিনার বা তার বেশি লেনদেনের তথ্য বিশেষভাবে পর্যবেক্ষণ করা হতো। নতুন ব্যবস্থায় লেনদেনের পরিমাণের পাশাপাশি কতবার, কত দিনের মধ্যে এবং কীভাবে অর্থ জমা বা স্থানান্তর করা হচ্ছে, তা বিবেচনা করা হবে। বিশেষ করে নির্ধারিত সীমার নিচে রাখতে ইচ্ছাকৃতভাবে বড় অঙ্কের অর্থ ছোট ছোট ভাগে স্থানান্তর করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে। কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এই নজরদারি জোরদার করা হচ্ছে। কুয়েত প্রবাসীদের জন্য বার্তা হলো দেশে টাকা পাঠানো বা ব্যাংকে জমা দেয়ার সময় লেনদেনের বৈধ কাগজপত্র সংরক্ষণ করতে হবে। নজরদারি এড়াতে ইচ্ছাকৃতভাবে টাকা ভাগ করে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। 

Logo