আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে পরিবর্তন, সহজ হচ্ছে আবেদন প্রক্রিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২১:০৭
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
সংযুক্ত আরব আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের আবেদনপ্রক্রিয়া সহজ করেছে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (MoHRE)। এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, কোনো সহায়ক নথিপত্র ছাড়াই শতভাগ কাগজবিহীন উপায়ে কর্মসংস্থান অনুমতির আবেদন করা যাবে।
‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় নেয়া এ উদ্যোগের লক্ষ্য সরকারি জটিলতা কমানো এবং শ্রমবাজারকে আরো গতিশীল ও প্রতিযোগিতামূলক করা। নতুন ব্যবস্থায় কিছু নির্দিষ্ট পারমিটের ক্ষেত্রে তথ্য প্রদানের বাধ্যবাধকতা ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নতুন ব্যবস্থায় কাগজপত্রের শর্ত শিথিল করা এবং একীভূত ডিজিটাল চ্যানেলে অনলাইনে আবেদন জমা দেয়ার সুবিধা রাখা হয়েছে। বিদেশ থেকে কর্মী নিয়োগ, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী স্থানান্তর এবং পরিবারের স্পনসরশিপে থাকা ব্যক্তিদের ওয়ার্ক পারমিটের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।
এদিকে ১৫ থেকে ১৮ বছরের কম বয়সী কিশোরদের ওয়ার্ক পারমিট এবং ১৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের প্রশিক্ষণ পারমিটের আবেদনপ্রক্রিয়াও সহজ করা হয়েছে। এ ছাড়া আমিরাত ও জিসিসি নাগরিকদের জন্য সাধারণ কর্মসংস্থান পারমিট এবং স্থানীয় গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের জন্য বিশেষ ‘ট্রেইনি ওয়ার্ক পারমিট’ চালুর ঘোষণা দেয়া হয়েছে।
ফ্রিল্যান্সারদের জন্য ‘ফ্রিল্যান্স ওয়ার্ক পারমিট’ এবং প্রথম ও দ্বিতীয় স্তরের দক্ষ কর্মীদের জন্য ‘পার্ট-টাইম ওয়ার্ক পারমিট’ চালু করা হয়েছে, যাতে তারা একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। শিক্ষকতার ক্ষেত্রে ‘প্রাইভেট টিউটরিং পারমিট’ এবং গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ অনুমতির ব্যবস্থাও রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের আশা, এসব পরিবর্তনের ফলে আমিরাতে বৈধভাবে কাজের অনুমতি নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং আবেদনকারীদের সময় ও ভোগান্তি কমবে।
ডিজিটাল সেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মও চালু করা হয়েছে। এর মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীরা দূর থেকে আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
logo-1-1740906910.png)