Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২১:৪৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর এবার ফ্রান্সের প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে ইউরোপীয় শক্তি ও সৌদি আরবের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

কূটনৈতিক সূত্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিসে তার এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ট্রাম্পের সাথে সাম্প্রতিক আলোচনার বিষয়বস্তু জি-৭-এর গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অবহিত করা। বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় ইরান সংকট ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরান সংকট এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী। ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ছিল ওই আলোচনার অন্যতম প্রধান বিষয়।

বৈঠকের পর ট্রাম্পের বক্তব্যও আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি বলেছেন, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। একই সাথে ইরানের সাথে একটি শক্তিশালী চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে নতুন করে মার্কিন হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা কম। তবে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি।

কাতারের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কিছুটা নমনীয় কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বিশেষ করে নতুন করে সামরিক সংঘাত শুরু না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। একদিকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিন ও লেবাননে ধ্বংসযজ্ঞ, অন্যদিকে ইরানে হামলা। আর এখন সৌদি আরব ও ইয়েমেনের মধ্যেও ছড়িয়ে পড়ছে সংঘাত। চলমান এই পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে এবং দেশগুলোর আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

Logo