Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ নভেম্বর ২০২৬

সৌদিতে গৃহকর্মীদের চিকিৎসার নতুন ব্যবস্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২০:৫১

সৌদিতে গৃহকর্মীদের চিকিৎসার নতুন ব্যবস্থা

সৌদি আরব

সৌদিতে গৃহকর্মীদের চিকিৎসায় নতুন ব্যবস্থা 

সৌদি আরবে নতুন আসা গৃহকর্মীদের মেডিকেল পরীক্ষা আরো সহজ করতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ব্যবস্থা চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কর্মীদের আগে থেকেই অনলাইনে সময় নেয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে মেডিকেল পরীক্ষা ঘিরে ভোগান্তি ও অপেক্ষার সময় কমানোর পাশাপাশি পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নতুন নিয়োগ পাওয়া গৃহকর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সেবা। বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া কর্মীদেরও এই ব্যবস্থার আওতায় পড়তে হবে। তাই সৌদিতে পৌঁছানোর পর মেডিকেল পরীক্ষার নিয়ম, বুকিং পদ্ধতি ও নির্ধারিত কেন্দ্র সম্পর্কে নিয়োগকর্তার কাছ থেকে আগেই জেনে নেওয়া জরুরি।

 

সংযুক্ত আরব আমিরাত

জনমতের চাপে স্থগিত হলো বাসিন্দাদের পাঁচটি গাড়ি নিবন্ধনের সীমা 

জনসাধারণের আপত্তি ও মতামতের পর বাসিন্দাদের নামে সর্বোচ্চ পাঁচটি গাড়ি নিবন্ধনের প্রস্তাবিত বিধিনিষেধ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন ফেডারেল ট্রাফিক আইনের আওতায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নিয়মটি কার্যকরের পরিকল্পনা ছিল। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, একজন বাসিন্দা সর্বোচ্চ পাঁচটি গাড়ি নিবন্ধন করতে পারতেন। প্রথম দুটি গাড়ির পর অতিরিক্ত গাড়ি নিবন্ধন বা নবায়নের ক্ষেত্রে বাড়তি ফি দেয়ার বিধানও ছিল। তবে জনমতের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন পর্যালোচনায় পরিবার, বিনিয়োগকারী এবং পুরোনো, বিরল ও বিলাসবহুল গাড়ির মালিকদের প্রয়োজন বিবেচনা করা হবে। ফলে আপাতত পাঁচটি গাড়ির সীমা কার্যকর হচ্ছে না। আমিরাতে একাধিক গাড়ির মালিক বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি স্বস্তির খবর। তবে ভবিষ্যতে নতুন বিধিমালা ও অতিরিক্ত ফি-সংক্রান্ত সিদ্ধান্তের দিকে নজর রাখা জরুরি। 


বাহরাইন

হামাদ টাউনে বেওয়ারিশ কুকুরের উপদ্রব 

বাহরাইনের হামাদ টাউনে বেওয়ারিশ কুকুরের বড় বড় দল ঘুরে বেড়ানোয় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আবাসিক এলাকা, সড়ক, হাঁটার পথ, দোকানপাট ও বিভিন্ন জনসাধারণের স্থাপনার আশপাশে এসব কুকুরের বিচরণ বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন নর্দার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্যরা। তাদের আশঙ্কা, এভাবে কুকুরের সংখ্যা ও দলবদ্ধ চলাচল বাড়তে থাকলে পথচারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন। বিশেষ করে আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এ অবস্থায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। হামাদ টাউন ও আশপাশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদেরও চলাচলে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে শিশুদের একা বাইরে যেতে না দেয়া এবং কুকুরের দল দেখলে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। 


কুয়েত

সালমিয়ায় নকল পণ্য ও অবৈধ গুদামের সন্ধান, ভারতীয় প্রবাসী আটক

কুয়েতের সালমিয়া এলাকায় একটি ভবনের বেসমেন্টে অভিযান চালিয়ে অবৈধ গুদামের সন্ধান পেয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ভারতীয় নাগরিকদের আটক করা হয়েছে। ৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ, হাওয়ালি গভর্নরেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, কুয়েত মিউনিসিপ্যালিটি, বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বেসমেন্টটি কয়েকটি গুদামে ভাগ করে যথাযথ ভাড়ার চুক্তি ছাড়াই পরিচালনার তথ্য পাওয়া যায়। একটি গুদামে নকল পণ্য এবং অন্য দুটি গুদামে উৎপত্তির দেশ পরিবর্তন করা পানির পাম্প ও বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাণিজ্যিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অবৈধ গুদামগুলো বন্ধ করে সিলগালা করেছে ফায়ার সার্ভিস। আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু হতে পারে। কুয়েতে ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশিদের জন্য ঘটনাটি সতর্কবার্তা। বৈধ লাইসেন্স, ব্যবসার অনুমোদন, পণ্যের প্রকৃত উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত না করলে জরিমানা, গ্রেপ্তার এমনকি দেশে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে। 


ওমান

চাকরির চুক্তি অনুমোদনে সিভিল আইডি কার্ড কাউকে না দেওয়ার নির্দেশ

ওমানে চাকরির চুক্তি অনুমোদনের সময় নিজের সিভিল আইডি কার্ড অন্য কারো হাতে তুলে না দেয়ার পরামর্শ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ৫ নভেম্বর প্রকাশিত এক নির্দেশনায় মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের নিজেদেরই অনলাইনে চাকরির চুক্তি অনুমোদন করতে হবে এবং পুরো প্রক্রিয়ায় সিভিল আইডি কার্ড নিজেদের কাছে রাখতে হবে। কাল্পনিক চাকরি বা ভুয়া কর্মসংস্থান ঠেকানোর পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত তথ্য ও শ্রম অধিকার সুরক্ষার লক্ষ্যেই এই সতর্কতা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মতে, নিয়োগকর্তা বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে চুক্তি অনুমোদন না করিয়ে কর্মীরা নিজেরাই নির্ধারিত অনলাইন পদ্ধতি অনুসরণ করবেন। একই সঙ্গে নিয়োগকর্তা ও কর্মী উভয়কেই চুক্তি সম্পাদনের নিয়মকানুন মেনে চলতে বলা হয়েছে। ওমানে কর্মরত বাংলাদেশিদের জন্য নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির চুক্তি অনুমোদনের অজুহাতে কাউকে সিভিল আইডি কার্ড দেয়া উচিত নয়। নিজের আইডি ও অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে চুক্তির শর্ত যাচাই করে অনুমোদন করা জরুরি। 

Logo