Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ নভেম্বর ২০২৬

ওমানে প্রবাসী কর্মীর প্রভিডেন্ড ফান্ডের টাকা দেবে মালিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৩০

ওমানে প্রবাসী কর্মীর প্রভিডেন্ড ফান্ডের টাকা দেবে মালিক

সৌদি আরব

সৌদিতে নানা পেশায় সৌদিকরণের ঘোষণা

সৌদি আরবের বেসরকারি খাতে ৯৪টি কারিগরি ও প্রকৌশল পেশায় সৌদিকরণের হার বাড়িয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ কারিগরি ও ইঞ্জিনিয়ারিং কাজে সৌদিদের সংখ্যা বাধ্যতামূলকভাবে বাড়বে। একই সাথে এসব পেশায় কমে যাবে বিভিন্ন দেশের প্রবাসীদের সংখ্যা। ২০২৭ সালের ৯ মে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় যৌথভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত পেশায় পাঁচজন বা তার বেশি কর্মী নিয়োগ দেয়া প্রতিষ্ঠানগুলোকে মোট কর্মীর অন্তত ৩৫ শতাংশ সৌদি নাগরিক রাখতে হবে, যা আগে ছিল ৩০ শতাংশ। পেশাগুলো হলো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল টেকনিশিয়ান, সার্ভেয়িং টেকনিশিয়ান, মেকানিক্যাল মেইনটেন্যান্স টেকনিশিয়ান এবং আর্কিটেকচারাল ড্রাফটসম্যান। সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট খাতে কর্মরত বিদেশি কর্মীদের চাকরির প্রতিযোগিতা আরো বাড়তে পারে। কমবে প্রবাসীদের নিয়োগ। বিশেষ করে প্রকৌশল ও কারিগরি পেশায় কর্মরত বাংলাদেশিদের সংখ্যাও আনুপাতিক হারে কমবে। ২০৩০ সালের মধ্যে সৌদিতে বিভিন্ন সব চাকরিতে ৭৫ শতাংশ স্থানীয়দের নিয়োগের সিদ্ধান্ত আছে। তাতে লাখ লাখ প্রবাসী চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে শিশুর ভিডিও ছাড়ায় এক প্রবাসী নারীর জেল 

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও বাবা-মায়ের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ায় এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা শেষে তাকে আমিরাত থেকে বহিষ্কারেরও নির্দেশ দেয়া হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, পারিবারিক একটি অনুষ্ঠানে নিজের পাঁচ বছর বয়সী এক নারী আত্মীয়ের ভিডিও ধারণ করেন ওই নারী। পরে শিশুটির বাবা-মায়ের অনুমতি ছাড়াই নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১১ হাজারের বেশি ভিউ হয়। ভিডিওতে শিশুটিকে একটি খাবারের নাম ভুল উচ্চারণ করে মজা করতে দেখা যায়। বিষয়টি পারিবারিক রসিকতা হিসেবে ধারণ করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটির বাবা আপত্তি জানান এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তদন্ত শেষে ওই নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ আইন এবং শিশু অধিকার সুরক্ষা আইন বা ওয়াদিমা আইনে অভিযোগ আনা হয়। আদালতে ভিডিও প্রকাশের কথা স্বীকার করলেও ইচ্ছাকৃতভাবে শিশুটিকে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে আদালত তার যুক্তি গ্রহণ করেননি। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ঘটনাটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দেশটিতে কারও ছবি বা ভিডিও ধারণের অনুমতি থাকলেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অনুমতি পাওয়া যায় না। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসীদের। 


বাহরাইন

বাহরাইনে রেল চুক্তি, বাড়বে প্রবাসীদের চাকরির সুযোগ

বাহরাইনে ছয় উপসাগরীয় দেশকে রেলপথে যুক্ত করার প্রকল্পকে ঘিরে নতুন চাকরি-বাকরির সম্ভাবনা তৈরি হয়েছে। বাহরাইনের আইনপ্রণেতারা বলছেন, এই রেল নেটওয়ার্ক চালু হলে নির্মাণকাজ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত বিভিন্ন খাতে হাজারো মানুষের কাজের সুযোগ তৈরি হবে। নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭৬৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ ইতোমধ্যে ৫৫ শতাংশের বেশি শেষ হয়েছে। ২০৩০ সালের ডিসেম্বরে ট্রেন চলাচল শুরুর লক্ষ্য রয়েছে। চুক্তির আওতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার রেলপথে যুক্ত হবে। এই রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ হাজার ৭৬৮ কিলোমিটার। যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলতে পারবে। প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনায় প্রকৌশলী, ট্রেনচালক, রক্ষণাবেক্ষণকর্মী, স্টেশন পরিচালনাকর্মী এবং পণ্য পরিবহনকেন্দ্রে কর্মীর প্রয়োজন হবে। পাশাপাশি রেলস্টেশন ঘিরে হোটেল, দোকান, পর্যটন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাহরাইনের সংসদ সদস্যদের মতে, রেল যোগাযোগ চালু হলে শিক্ষার্থী, চাকরিজীবী, পর্যটক ও চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষের যাতায়াত সহজ হবে। কমবে পণ্য পরিবহনের খরচও। বাংলাদেশি প্রবাসীদের জন্যও প্রকল্পটি গুরুত্বপূর্ণ। কারণ নির্মাণ, প্রকৌশল, পরিবহন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সেবা খাতে নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে।


ওমান

ওমানে প্রবাসী কর্মীর প্রভিডেন্ড ফান্ডের টাকা দেবে মালিক

ওমানে প্রবাসী কর্মীদের বেতনের ৯ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে জমা দিতে হবে তাদের মালিকদের। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অর্থ কর্মীর বেতন থেকে কাটা হবে না; সম্পূর্ণ অর্থ দেবেন তাদের নিয়োগকর্তারা। নতুন ব্যবস্থায় নির্ধারিত সময়ের চাকরির জন্য প্রচলিত চাকরি শেষে পাওয়া গ্র্যাচুইটির পরিবর্তে প্রভিডেন্ট ফান্ডের মুনাফা পাবেন কর্মীরা। ২০২৭ সালের ১৯ জুলাইয়ে এই প্রভিডেন্ড ফান্ড কার্যকর হবে। তবে ২০২৭ সালের ১৯ জুলাইয়ের আগের চাকরির সময়ের গ্র্যাচুইটির অধিকারও বহাল থাকবে। আগের পাওনা নিয়োগকর্তার কাছে রাখা, কর্মীকে সরাসরি পরিশোধ করা অথবা সামাজিক সুরক্ষা তহবিলে জমা দেওয়ার সুযোগ রয়েছে। ওমানে কর্মরত বাংলাদেশিদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ চাকরি শেষে প্রাপ্য অর্থ কীভাবে জমা হবে এবং আগের গ্র্যাচুইটি কীভাবে পাওয়া যাবে, তা বুঝে রাখা জরুরি। ওমানের সঞ্চয় তহবিলের ৯ শতাংশ অর্থ কর্মীর বেতন থেকে কাটা হবে না- এই তথ্যটিই প্রবাসী কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।


কুয়েত

কুয়েতে জুয়ার আস্তানা থেকে ১৩ এশীয় আটক

কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় অবৈধ লটারি ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১৩ জন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তদন্তে জানা গেছে, একটি শপিং মলের ভেতরে থাকা দুটি মুদি দোকান ব্যবহার করে লটারির মাধ্যমে অবৈধ জুয়া পরিচালনা করা হচ্ছিল। গোপন নজরদারি ও তদন্তের পর অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জুয়ার কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিও রয়েছেন। অভিযানকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, নথিপত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। এছাড়া দোকানে বিক্রির জন্য লুকিয়ে রাখা কিছু নিষিদ্ধ তামাকজাত পণ্যও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জব্দ করা মালামালসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এশিয়ান বলা হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

Logo