Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে জোরদার সৌদিকরণ নীতি, বিদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

সৌদিতে জোরদার সৌদিকরণ নীতি, বিদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ

সৌদি আরবের পর্যটন, হোটেল, প্রশাসনিক ও দাপ্তরিক খাতের ৯৭টি পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ সীমিত করার উদ্যোগ বাস্তবায়ন করছে দেশটির সরকার। সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নেওয়া সৌদিকরণ নীতির আওতায় এসব পেশায় স্থানীয় কর্মী নিয়োগের নির্দিষ্ট হার বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন ব্যবস্থায় কয়েকটি পেশা পুরোপুরি সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পেশায় ৭০ শতাংশ এবং অন্য কয়েকটিতে ৫০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগের শর্ত আরোপ করা হয়েছে। প্রশাসনিক ও সহায়ক পেশার একটি বড় অংশে শতভাগ সৌদিকরণ কার্যকর করার ব্যবস্থাও নেয়া হয়েছে।

দেশটির পর্যটন ও আতিথেয়তা খাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কাজে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেয়াই এ নীতির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে স্থানীয়দের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি খাতে জাতীয় জনশক্তির অংশগ্রহণ বাড়াতে চায় সৌদি সরকার।

সৌদি আরবের শ্রমবাজারে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছেন। বিশেষ করে হোটেল, পর্যটন, অফিস ব্যবস্থাপনা ও বিভিন্ন সেবা খাতে কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন বিধিনিষেধ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব পেশায় নতুন করে চাকরি খোঁজার ক্ষেত্রে বিদেশি কর্মীদের সুযোগ ও নিয়োগের শর্ত সম্পর্কে আগে থেকেই ধারণা রাখা প্রয়োজন।

তবে সৌদিকরণ নীতির আওতায় সব ধরনের বিদেশি কর্মীর চাকরি বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয়। নির্ধারিত পেশা ও খাতে স্থানীয় কর্মী নিয়োগের অনুপাত বাড়ানোই এ নীতির লক্ষ্য। ফলে যেসব পেশা সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত নয়, সেগুলোতে বিদেশি কর্মীদের নিয়োগের সুযোগ সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী বহাল থাকতে পারে।

সৌদি আরবের শ্রমবাজারে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের তাই চাকরির প্রস্তাব গ্রহণের আগে পদের ধরন, নিয়োগের বৈধতা এবং সংশ্লিষ্ট পেশায় বিদেশি কর্মী নিয়োগের অনুমতি যাচাই করার পরামর্শ দেয়া হচ্ছে।

Logo