সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন, আরেক পরিবারের মা-মেয়ে এবং একজন ওমরাহ পালন করতে যাওয়া নারী রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। হতাহত সবাই কক্সবাজারের তিন পরিবারের সদস্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শনিবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, এ দুর্ঘটনায় ছয়জন বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে সৌদি আরবের আল-হিমনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এর আগে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা প্রথমে সাতজন এবং পরে আরো দুজন বাংলাদেশির মৃত্যুর তথ্য জানিয়েছিলেন। তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় ৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও খোলাইস ট্রাফিক অফিসের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন পাকিস্তানের এক নাগরিক। দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার।
সৌদি ট্রাফিক পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। তবে চালকের দাবি, গাড়ির চাকা ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জিয়াউর রহমান, তার মেয়ে বুশরা এবং দুই ছেলে ইয়াসির ও ইয়াযান নিহত হয়েছেন। তাদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা খোলাইস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার আরেক মেয়েকে ভর্তি করা হয়েছে জেদ্দার বাদশা আব্দুল আজিজ হাসপাতালে।
দুর্ঘটনায় আলম শাহ নামে আরেক প্রবাসীর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়ার নিহত হয়েছেন। সানজিদার মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালে এবং ফারিয়ার মরদেহ খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আলম শাহের ছেলে ফায়সাল ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আলম শাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন আফসানা বিবি। তার স্বামী ইলিয়াস। কয়েক দিন আগে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন আফসানা। কিন্তু দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মরদেহ খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ইলিয়াস প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এছাড়া গফুর আলম নামে আহত এক বাংলাদেশিকে খোলাইস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
logo-1-1740906910.png)