বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ১০ বছরের গোল্ডেন ভিসা দেবে আমিরাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৮
বিশ্বের মেধাবী আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের আকৃষ্ট করতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসার সুযোগ সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির নতুন এ সুযোগে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদি বসবাস ও কাজের অনুমতি পেতে পারেন।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ইউএইর শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতকে ন্যূনতম ৩.৫ জিপিএ থাকতে হবে এবং ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের সাথে সত্যায়িত স্নাতক সনদ ও ইউএইর শিক্ষা মন্ত্রণালয়ের সমমান সনদ জমা দিতে হবে। এ ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো, কোনো স্থানীয় নিয়োগকর্তা বা নাগরিকের স্পন্সরশিপ ছাড়াই ১০ বছর আমিরাতে বসবাস ও কাজ করা যাবে। ভিসাধারীরা যোগ্যতা অনুযায়ী স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা এবং গৃহকর্মীদেরও স্পন্সর করতে পারবেন। ভিসাটি নবায়নযোগ্য।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্তা হলো বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুধু আন্তর্জাতিক ক্যারিয়ার নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগও তৈরি করতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, জিপিএ, ডিগ্রির সময়সীমা ও সনদের স্বীকৃতি; সব শর্ত পূরণ করতে হবে। তাই বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনায় বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় এসব বিষয় বিবেচনায় রাখা জরুরি।
logo-1-1740906910.png)