Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৬:০৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। 

শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সাথে সংশ্লিষ্ট। 

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই ঘটনায় নিহত হয়েছেন কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী। এছাড়া মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন কনস্যুলেটের কর্মকর্তারা।

কনস্যুলেট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে স্বজনদের পাশে থাকবে বাংলাদেশ দূতাবাস। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

প্রবাসের মাটিতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

Logo