সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সহায়তায় ১ লাখ রিয়াল জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ২২:৫৮
সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্বভাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের নিয়োগ, পরিবহন কিংবা আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই অপরাধে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিদেশি নাগরিক হলে তাকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর প্রকাশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে কাজে নিয়োগ দেয়া, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়া, থাকার জায়গা দেয়া কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আড়াল করে রাখা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি আইন লঙ্ঘনকারীদের অন্য কোনোভাবে সহায়তা করলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
সৌদি আরবে বসবাস ও কাজের জন্য বিদেশি নাগরিকদের বৈধ আবাসন অনুমতি বা ইকামা এবং প্রযোজ্য ক্ষেত্রে কাজের অনুমতি প্রয়োজন। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত থাকায় অবৈধভাবে কর্মী নিয়োগ ও আশ্রয় দেয়ার বিষয়ে সরকারের এ সতর্কবার্তা তাদের জন্যও গুরুত্বপূর্ণ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে এসব বিষয়ে অভিযোগ জানানো যাবে।
সৌদি কর্তৃপক্ষ নিয়মিত অভিযানের পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। তবে সতর্কবার্তাটি নতুন কোনো আইন কার্যকরের ঘোষণা নয়; বিদ্যমান আইনে শাস্তির বিষয়ে আবারো সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
logo-1-1740906910.png)