আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংকট সমাধানে আলোচনায় বসবে সরকার
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ২২:২৭
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক।
তিনি বলেছেন, ভিসা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরিফুল হক বলেন, আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা পরিস্থিতি নিয়ে বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মন্ত্রী পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার জনগণ ও প্রবাসীদের সরকার। জনগণের ভাগ্যোন্নয়নে সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা শুধু সিআইপিদের নয়, প্রত্যেক প্রবাসীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসীরা যেন যথাযথ সম্মান পান, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তাই প্রবাসীদের সমস্যা ও তাদের প্রত্যাশা সম্পর্কে তিনি অত্যন্ত আন্তরিক ও মানবিক। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। অথচ বাস্তবতা হলো, তাদের প্রাপ্য সম্মান এখনো যথাযথভাবে দেওয়া সম্ভব হয়নি। প্রবাসীদের সমস্যা সমাধান ও সম্মানিত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ৩৬ জন কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসনকে (সিআইপি) সম্মাননা প্রদান করা হয়। আমিরাতের সাবেক মন্ত্রী, বাংলাদেশ থেকে আগত সংসদ সদস্য, বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলসহ আমন্ত্রিত অতিথিরা সিআইপিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অতিথিরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সফল উদ্যোক্তা ও রেমিট্যান্সযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
logo-1-1740906910.png)
