মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ নভেম্বর ২০২৬
সৌদিতে আবশির প্ল্যাটফর্মে নতুন সেবা চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ২২:১৪
বাহরাইন
বাহরাইনে সাইকেল চালকদের সতর্ক করল পুলিশ
বাহরাইনে সাইকেল চালানোর সময় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা ও আহত হওয়ার ঝুঁকি কমাতে সাইকেল চালকদের নির্ধারিত লেন ও অনুমোদিত এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। হিদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার বলেছেন, সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য উপকারী হলেও এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বিশেষত বড় সড়ক ও মহাসড়কে কোথায় সাইকেল চালানো যাবে আর কোথায় যাবে না সেই নির্দেশনা জেনে বুঝে সাইকেল চালানো উচিত। শখ, ব্যায়াম কিংবা যাতায়াত; যে উদ্দেশ্যেই সাইকেল চালানো হোক, নিরাপত্তার বিষয়টি অবহেলা করা যাবে না। বাহরাইনে অনেক প্রবাসী বাংলাদেশি যাতায়াত ও শরীরচর্চার জন্য সাইকেল ব্যবহার করেন। তাই দুর্ঘটনা এড়াতে তাদেরও নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে সড়কে চলাচলের সময় সতর্ক থাকা এবং নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সৌদি আরব
সৌদিতে আবশির প্ল্যাটফর্মে নতুন সেবা চালু
সৌদি আরবে প্রবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কয়েকটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন আবশির প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদিতে বসবাসরত বিদেশিরা আগে ইস্যু করা সৌদি ড্রাইভিং লাইসেন্স প্রতিস্থাপন এবং লাইসেন্স প্রিন্ট করার সুবিধা পাবেন। ৪ নভেম্বর রিয়াদে জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি নতুন সেবাগুলোর উদ্বোধন করেন। এছাড়া মোটরসাইকেলের বিশেষ নম্বরপ্লেট নিলাম এবং এয়ার রাইফেলের লাইসেন্স ইস্যু, নবায়ন ও মালিকানা হস্তান্তরের সেবাও যুক্ত হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দুর্ঘটনার তথ্য প্রদান, নম্বরপ্লেট পরিবর্তন এবং ব্যবহৃত গাড়ির নিবন্ধনসহ বেশ কিছু সেবা চালু করা হয়েছে। এসব সেবার ফলে প্রবাসীদের লাইসেন্সসংক্রান্ত কাজে সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন কমবে। বিশেষ করে কর্মজীবী প্রবাসীরা সময় ও যাতায়াতের খরচ বাঁচাতে পারবেন।
কুয়েত
কুয়েতে বেতন নিয়ে অনিয়ম, নজরদারি বাড়াচ্ছে কর্তৃপক্ষ
কুয়েতে বেসরকারি খাতের যেসব কর্মীর মাসিক বেতন ৩০০ দিনার বা তার কম, তাদের ব্যাংক লেনদেনে বাড়তি নিরাপত্তা ও নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নির্দেশনা অনুযায়ী, বেতন জমা হওয়া অ্যাকাউন্ট থেকে ২৫ দিনার বা তার বেশি অর্থ উত্তোলন, স্থানান্তর কিংবা পেমেন্টের ক্ষেত্রে দুই ধাপে পরিচয় যাচাই করতে হবে। কোনো কর্মী বেতন পাওয়ার পর সেই অর্থের ৮০ শতাংশ বা তার বেশি ৭২ ঘণ্টার মধ্যে তুলে নিলে, কিংবা বেতনের বড় অংশ নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফেরত পাঠালে ব্যাংক সন্দেহজনক লেনদেন হিসেবে তদন্ত করতে পারবে। সন্দেহ দেখা দিলে আগের ছয় মাসের লেনদেনও পর্যালোচনা করা হবে। তবে শুধু পুরো বেতন নগদ উত্তোলন করলেই তা অনিয়ম হিসেবে বিবেচিত হবে না। কুয়েতে অনেক প্রবাসী কর্মী কম বেতনে কাজ করেন। নিয়োগকর্তার বেতন নিয়ে কারসাজি ও জোর করে টাকা ফেরত নেওয়া ঠেকাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ওমান
ওমানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনে ৬৯ বিদেশি আটক
ওমানে শ্রম আইন ও বিদেশিদের আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৬৯ জন বিদেশিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। ৪ নভেম্বর মাস্কাট গভর্নরেটের পুলিশ সিব এলাকায় এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা জানানো হয়নি। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে শ্রম ও আবাসন আইন লঙ্ঘন, জনসাধারণের নৈতিকতা ও শালীনতাবিরোধী কর্মকাণ্ড এবং অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে লাইসেন্স ছাড়া মদ ও তামাকজাত পণ্য বিক্রি এবং স্বাস্থ্য ও নিরাপত্তার মান, না মেনে খাবার তৈরি ও বিক্রির বিষয়ও রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া চলছে। ওমানে কর্মরত প্রবাসীদের জন্য এ অভিযানে সতর্কবার্তা হলো বৈধ কাজের অনুমতি ছাড়া অন্য ব্যবসায় জড়ানো কিংবা আবাসন ও শ্রম আইনের শর্ত ভঙ্গ করলে গ্রেপ্তার ও আইনি জটিলতায় পড়ার ঝুঁকিতে পড়তে পারেন প্রবাসীরা।
logo-1-1740906910.png)