Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ নভেম্বর ২০২৬

কুয়েতে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি, চলছিল গোয়েন্দা নজরদারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬

কুয়েতে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি, চলছিল গোয়েন্দা নজরদারি

বাহরাইন

বাহরাইনে তিন এশীয় নাগরিক গ্রেপ্তার, পাওয়া গেছে কোটি টাকার মাদক

বাহরাইনে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের এশীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৬ হাজার বাহরাইনি দিনার সমমানের কমপক্ষে সাড়ে ৫ কোটি টাকা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। যেসব মাদকের কারণে মানুষের মস্তিষ্ক  ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের জাতীয়তা, আটকের স্থান সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।বাহরাইনে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে কঠোর আইন রয়েছে। তাই বাংলাদেশিসহ সব প্রবাসীকে মাদক বহন, সংরক্ষণ কিংবা কেনাবেচার মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি অপরিচিত কারো দেওয়া কোনো প্যাকেট বা সামগ্রী বহন না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।

কুয়েত

কুয়েতে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি, চলছিল গোয়েন্দা নজরদারি

কুয়েতে স্কুল শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাদ আল-আবদুল্লাহ এলাকায় একটি আবাসিক বাড়ির ভেতরে অবৈধভাবে মুদি দোকান পরিচালনা করে সেখান থেকে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট সরবরাহ করা হচ্ছিল। গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে প্রথমে একজনকে এবং পরে বাড়ি থেকে আরো চারজনকে আটক করা হয়। অভিযানে ১৩টি বড় ও ২৩টি ছোট বাক্স ই-সিগারেট, ২১৯টি ছোট তামাকের প্যাকেট এবং ১ হাজার ৭২২ কুয়েতি দিনার জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে, সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের জন্য এই ঘটনা গুরুত্বপূর্ণ। কারণে এতে কুয়েতে বাংলাদেশি কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবাসীদের অবৈধ ব্যবসা, নিষিদ্ধ পণ্য বিক্রি এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য সরবরাহ থেকে দূরে থাকতে হবে।     

সৌদি আরব

সৌদিতে শত্রুদের পাল্টা জবাবের হুঁশিয়ারি, পিছিয়ে গেল এএফসি কাপ

সৌদি আরবের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষার বিরুদ্ধে যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রিসভা। গত মঙ্গলবার রিয়াদে যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, সমুদ্রপথের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সৌদি সরকার জানিয়েছে, আঞ্চলিক নানা চ্যালেঞ্জের মধ্যেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে তারা প্রস্তুত।

এদিকে, সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি। আগে টুর্নামেন্টটি ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা উদ্বেগ, যাতায়াতের জটিলতা ও অন্যান্য লজিস্টিক সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ট্রাফিক আইনে নতুন নিয়ম, দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা

ড্রাইভারদের ক্লান্তিজনিত দুর্ঘটনা কমাতে নতুন ট্রাফিক নিয়ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, কোনো চালক ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ একটানা ৯ ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। তবে নির্ধারিত ৯ ঘণ্টার কম গাড়ি চালানোর পরও কেউ ক্লান্ত বা অবসন্ন বোধ করলে নিরাপদে গাড়ি চালানোর সক্ষমতা না ফেরা পর্যন্ত তিনি গাড়ি চালাতে পারবেন না। নতুন নিয়মটি শুধু ট্রাক বা পেশাদার চালকদের জন্য নয়, সাধারণ ড্রাইভারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চালকের ক্লান্তি ও ঘুমঘুম ভাবের কারণে ২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমিরাতে কর্মরত বাংলাদেশি গাড়িচালক, ডেলিভারি কর্মী ও পরিবহন খাতের শ্রমিকদের নতুন নিয়ম সম্পর্কে জানতে হবে। নিয়ম অমান্য না করতে কর্মঘণ্টা ও বিশ্রামের সময় পরিকল্পনা করা জরুরি প্রবাসী বাংলাদেশিদের জন্য।

Logo