Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ নভেম্বর ২০২৬

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন প্রস্তাব বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩:৪৭

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন প্রস্তাব বাতিল

বাহরাইন

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন প্রস্তাব বাতিল

বাহরাইনে বিদেশিদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রেসিডেন্সি পারমিটের মেয়াদের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নাকচ করেছে দেশটির শুরা কাউন্সিল। প্রস্তাবটি কার্যকর হলে প্রবাসীদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে যেত। বর্তমানে বাহরাইনে সাধারণত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর। কিন্তু কারো রেসিডেন্সি পারমিট এক বা দুই বছরের হলে তাকে বারবার লাইসেন্স নবায়ন করতে হতো। এতে বাড়তি ফি, কাগজপত্র ও ভোগান্তি তৈরি হতো। কাউন্সিলের সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, বৈধ রেসিডেন্সি ছাড়া বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স পাওয়া বা নবায়নের সুযোগ এমনিতেই নেই। তাই নতুন আইন করার প্রয়োজন নেই। শেষ পর্যন্ত প্রস্তাবটি নাকচ করে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানো হয়েছে। এখানে প্রবাসীদের জন্য বড় খবর হলো আপাতত বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রেসিডেন্সির সঙ্গে যুক্ত হচ্ছে না। ফলে ঘন ঘন লাইসেন্স নবায়ন ও বাড়তি ফি দেওয়ার আশঙ্কা থেকে তারা স্বস্তি পাবেন।


সৌদি আরব

সৌদিতে দুর্নীতির অভিযোগে ১৭৪ সরকারি কর্মী গ্রেপ্তার

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১৭৪ জন সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা নাজাহা। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৬৬২টি তদারকি অভিযান চালানো হয়। এসব অভিযানের ভিত্তিতে ৪৫৪ জন কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দেশটির স্বরাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য এবং পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের কর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে নাজাহা। দুর্নীতি, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হলো, সৌদিতে সরকারি সেবা নিতে গিয়ে কোনো কর্মকর্তা ঘুষ বা অবৈধ সুবিধা চাইলে প্রবাসীরা অভিযোগ করার সুযোগ পাবেন। তবে কোনো ধরনের অনিয়মে জড়ানো থেকে নিজেদের বিরত রাখা জরুরি।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে হঠাৎ লেন পরিবর্তন করলে জরিমানা ১ হাজার দিরহাম

দুবাইয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ লেন পরিবর্তন বা বিপজ্জনকভাবে গাড়ি বাঁক নিলে ১ হাজার দিরহাম জরিমানা এবং চারটি ব্ল্যাক পয়েন্টের শাস্তি হতে পারে। এ বিষয়ে গাড়িচালকদের সতর্ক করেছে দুবাই পুলিশ। পুলিশের মতে, ব্যস্ত সড়কে হঠাৎ লেন পরিবর্তন করলে পেছনের বা পাশের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়তে পারেন। বিশেষ করে দ্রুতগতির সড়কে এ ধরনের অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই গাড়ি চালানোর সময় নির্ধারিত লেন অনুসরণ করা, আশপাশের যানবাহনের দিকে নজর রাখা এবং লেন পরিবর্তনের আগে ইন্ডিকেটর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সড়ক নিরাপত্তা প্রচারের অংশ হিসেবেও বিষয়টি তুলে ধরেছে পুলিশ। চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি অন্যদের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। এই খবরে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হলো দুবাইয়ে ব্যক্তিগত গাড়ি বা পেশাগত কাজে গাড়ি চালান এমন প্রবাসীদের এ নিয়ম মেনে চলতে হবে। সামান্য অসতর্কতায় ১ হাজার দিরহাম জরিমানা ও চারটি ব্ল্যাক পয়েন্ট হারাতে হতে পারে। 


কুয়েত

মাদক পাচারের মামলায় তিন বিদেশির মৃত্যুদণ্ড

কুয়েতে মাদক পাচার ও মাদকসংক্রান্ত পৃথক দুটি মামলায় তিন বিদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন লেবাননের নাগরিক এবং একজন ভারতীয়। আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম মামলায় দুই লেবানিজ নাগরিকের বিরুদ্ধে হাশিশ ও মাদকজাতীয় পদার্থ পাচার এবং সেবনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য মামলায় এক ভারতীয় নাগরিক জুতার কার্টনের ভেতরে মাদক মাখানো ১০০টি কাগজ লুকিয়ে কুয়েতে পাঠানোর চেষ্টা করেন। আন্তর্জাতিক চালানের মাধ্যমে পাঠানো ওই কার্টন কাস্টমস কর্তৃপক্ষ ও মাদকবিরোধী বিভাগের যৌথ অভিযানে আটক করা হয়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আদালত দুটি মামলায় তিনজনকেই মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। প্রবাসীদের বাংলাদেশিদের মনে রাখা জরুরি যে কুয়েতে মাদক বহন, সংরক্ষণ বা পাচারের মতো অপরাধে জড়ালে অত্যন্ত কঠোর শাস্তির মুখে পড়তে পারেন প্রবাসীরা। পরিচিত কারো দেওয়া পার্সেল বা লাগেজ বহনের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।


ওমান

ওমানে জাতীয় সংগীতের অবমাননায় তিন বছর কারাদণ্ড

ওমানে জাতীয় সংগীতের ইচ্ছাকৃত অবমাননা করলে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নতুন রাজকীয় আদেশের মাধ্যমে এই শাস্তির বিধান যুক্ত করেছেন সুলতান হাইথাম বিন তারিক। রাজকীয় এক আদেশে দেশটির জাতীয় পতাকা, রাষ্ট্রীয় প্রতীক ও জাতীয় সংগীতসংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। নতুন আইনে কথা, লেখা, অঙ্গভঙ্গি কিংবা জাতীয় সংগীত বিকৃত করে অসম্মান প্রকাশ করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় পতাকা তৈরিতে অনুমোদিত রং ও কাপড় ব্যবহারের নিয়মও হালনাগাদ করা হয়েছে। কোথায় এবং কোন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা যাবে, সে বিষয়েও কর্তৃপক্ষের অনুমোদনের বিধান রাখা হয়েছে। ফলে, ওমানে বসবাসরত বাংলাদেশিসহ সব বিদেশিকে দেশটির জাতীয় সংগীত ও জাতীয় প্রতীকের প্রতি সম্মান দেখাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, মন্তব্য বা ভিডিও প্রকাশের ক্ষেত্রেও এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

Logo