Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নিয়ে নতুন বিতর্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫৪

বাহরাইনে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নিয়ে নতুন বিতর্ক

বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রেসিডেন্স পারমিটের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ শুরা কাউন্সিলের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি প্রস্তাবিত আইনটি বাতিলের সুপারিশ করেছে । 

প্রস্তাব অনুযায়ী, কোনো প্রবাসীর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ তার রেসিডেন্স পারমিটের মেয়াদের বেশি হতে পারবে না। তবে কমিটির মতে, বর্তমান আইনেই বৈধ রেসিডেন্স পারমিট ছাড়া প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ বা নবায়নের সুযোগ নেই। 

নতুন নিয়ম কার্যকর হলে এক বা দুই বছর মেয়াদি রেসিডেন্স পারমিটধারীদের বারবার লাইসেন্স নবায়ন করতে হবে, ফলে বাড়বে ফি, কাগজপত্র ও প্রশাসনিক জটিলতা। এমনকি বিনিয়োগকারী, শিক্ষার্থী, পরিবার নিয়ে বসবাসকারী এবং গৃহকর্মীরাও এর আওতায় পড়তে পারেন। কমিটি আরও আশঙ্কা করছে, প্রস্তাবটি ব্যক্তিগত চলাচলের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রশ্ন তৈরি করতে পারে। 

উল্লেখ্য, প্রস্তাবটি গত এপ্রিলে নিম্নকক্ষ পার্লামেন্টে পাস হয়েছে এবং ১ নভেম্বর রোববার শুরা কাউন্সিলে ভোটের জন্য তোলার কথা রয়েছে। এখন সবার নজর শুরা কাউন্সিলের সিদ্ধান্তের দিকে। 

Logo