Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ অক্টোবর

আমিরাত থেকে পাঠানো এশিয়ার বিভিন্ন দেশে দিরহামের বিপরীতে মিলছে বেশি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:১৯

আমিরাত থেকে পাঠানো এশিয়ার বিভিন্ন দেশে দিরহামের বিপরীতে মিলছে বেশি টাকা

বাহরাইন

বাহরাইনে দোকানের সাইনবোর্ডে নতুন নিয়মের উদ্যোগ

বাহরাইনের দক্ষিণাঞ্চলে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহারে নতুন নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নিয়মের মূল লক্ষ্য হলো, সাইনবোর্ডের ডিজাইন ও আকারে সামঞ্জস্য আনা, অতিরিক্ত বিজ্ঞাপনজনিত দৃশ্যদূষণ কমানো এবং বাণিজ্যিক এলাকাগুলোর সৌন্দর্য বৃদ্ধি করা। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় পৌর কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চতুর্থ সভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দোকানের সাইনবোর্ডের নকশা, কারিগরি বৈশিষ্ট্য এবং প্রদর্শিত বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাইনবোর্ডের জন্য প্রয়োজনীয় শর্ত, কারিগরি নির্দেশনা ও বিধিমালা নিয়ে একটি বিস্তারিত সমীক্ষা ইতোমধ্যে মন্ত্রিসভার একটি কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশা, প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে বাণিজ্যিক এলাকার পরিবেশ আরো সুন্দর ও সুশৃঙ্খল হবে। পাশাপাশি জননিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। সাইনবোর্ড নিয়ন্ত্রণে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শনেও পরিবর্তন আসতে পারে ।


সৌদি আরব

সৌদিতে রেকর্ড পরিমাণ পার্সেল ডেলিভারি

সৌদি আরবে ২০২৬ সালের শেষ দিকে ৫ কোটি ৪০ লাখেরও বেশি পার্সেল ও শিপমেন্ট ডেলিভারি করা হয়েছে। দেশটির পরিবহনবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ, টিজিএর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই প্রতিবেদনে ডেলিভারি কোম্পানিগুলোর বিরুদ্ধে অনিষ্পন্ন গ্রাহক অভিযোগের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এর মধ্যে Ajex-এর বিরুদ্ধে সবচেয়ে কম, মাত্র একটি অভিযোগ নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, ইউপিএসের বিরুদ্ধে সর্বোচ্চ ১৮টি অভিযোগ রয়েছে। J&T-এর বিরুদ্ধে ১৭টি এবং SMSA ও FedEx-এর বিরুদ্ধে ১১টি করে অভিযোগ নথিভুক্ত হয়েছে। তবে এই সংখ্যা কোম্পানিগুলোর বিরুদ্ধে মোট অভিযোগ নয়; বরং নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হওয়া অভিযোগের হিসাব। টিজিএ জানিয়েছে, ডেলিভারি নিয়ে সমস্যা হলে গ্রাহকরা প্রথমে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন। সমাধান না পেলে ১৯৯২৯ নম্বরে অথবা কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাত থেকে পাঠানো এশিয়ার বিভিন্ন দেশে দিরহামের বিপরীতে মিলছে বেশি টাকা

এশিয়ার কয়েকটি দেশের মুদ্রার মান কমে যাওয়ায় দেশে টাকা পাঠানোর হিসাব নতুন করে দেখছেন প্রবাসীরা। তবে বাংলাদেশি টাকার বিপরীতে দিরহামের বর্তমান বিনিময় হার এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গালফ নিউজের ২৯ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, এক দিরহামের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়মূল্য ২৫ দশমিক ৮৯ এবং পাকিস্তানি রুপির মূল্য ৭৫ দশমিক ৬৫। ফিলিপাইনের পেসোর বিনিময়মূল্য ১৭ দশমিক ৩১। এসব দেশের মুদ্রার দুর্বল অবস্থান প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্তে প্রভাব ফেলছে। বাংলাদেশের ক্ষেত্রে দিরহারের বিপরীতে টাকার বিনিময় হার কত সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দিরহামের বিপরীতে টাকা দুর্বল হলে একই পরিমাণ দিরহাম পাঠিয়ে দেশে বেশি টাকা পাওয়া যেতে পারে। তবে প্রকৃত অর্থ নির্ভর করবে সেদিনের বিনিময় হার ও ট্রান্সফার চার্জের ওপর। তাই আমিরাত প্রবাসী বাংলাদেশিদের টাকা পাঠানোর আগে অনুমোদিত এক্সচেঞ্জ হাউস বা ব্যাংকের সর্বশেষ রেট যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Logo