বাহরাইনে সরকারি প্রকল্প বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেও, সেই প্রকল্পের ৮০ শতাংশ চাকরি বাহরাইনের নাগরিকদের জন্য রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।
নতুন এই প্রস্তাব অনুযায়ী, পরিবহন, পর্যটন, বিদ্যুৎ, পানি, টেলিযোগাযোগ, বন্দর, বিমানবন্দর এবং তেল-গ্যাস খাতের বেসরকারি পরিচালনাধীন সরকারি প্রকল্পগুলোতে প্রতি পাঁচজন কর্মীর মধ্যে অন্তত চারজনই হতে হবে বাহরাইনি।
এর আগে প্রস্তাবিত এই হার ছিল ৫০ শতাংশ। তবে যোগ্য বাহরাইনি কর্মী পাওয়া না গেলে বিশেষ ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন ১৭ জন সংসদ সদস্য, বিপক্ষে ছিলেন ৭ জন।
এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির শুরা কাউন্সিলে যাবে। এই উদ্যোগের পক্ষে সংসদ সদস্যদের যুক্তি, সরকারি প্রকল্প বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেও যেন স্থানীয় নাগরিকদের চাকরির সুযোগ কমে না যায়।
অন্যদিকে, সরকারের আশঙ্কা, সব খাতে একই নিয়ম বাধ্যতামূলক করলে ব্যবসার খরচ বাড়তে পারে এবং বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।
logo-1-1740906910.png)