Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ অক্টোবর ২০২৬

সৌদির মক্কায় যানজট কমাতে খুলল নতুন রিং রোড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৬:২৫

সৌদির মক্কায় যানজট কমাতে খুলল নতুন রিং রোড

সৌদি আরব

সৌদির মক্কায় যানজট কমাতে খুলল নতুন রিং রোড

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গ্র্যান্ড মসজিদে পৌঁছানো এখন আরো সহজ হতে যাচ্ছে! মক্কার যানজট কমাতে এবং হাজি ও ওমরাহ পালনকারীদের যাতায়াতের সুবিধা বাড়াতে খুলে দেওয়া হয়েছে থার্ড রিং রোডের নতুন সম্প্রসারিত অংশ। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই নতুন সড়কের কারণে নির্দিষ্ট কিছু রুটে যাতায়াতের সময় কমতে পারে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত। প্রিন্স মুতাইব ইন্টারসেকশন থেকে মসজিদুল হারামে যাওয়ার দূরত্ব ১৬ দশমিক ৫ কিলোমিটার থেকে কমে হয়েছে মাত্র ৬ দশমিক ৫ কিলোমিটার। আর মিনার জামারাত এলাকায় যাওয়ার দূরত্ব ১২ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে ৪ কিলোমিটারে। নতুন সড়কটি দিয়ে প্রতিদিন দুই দিক মিলিয়ে চলাচল করতে পারবে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার যানবাহন। বিশেষ করে হজ ও ওমরাহর ব্যস্ত মৌসুমে যানজট কমানো এবং মুসল্লিদের যাতায়াত আরো সহজ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।


বাহরাইন

বাহরাইনে ৮০ শতাংশ চাকরি পাবেন স্থানীয়রা

বাহরাইনে সরকারি প্রকল্প বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেও, সেই প্রকল্পের ৮০ শতাংশ চাকরি বাহরাইনের নাগরিকদের জন্য রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। নতুন এই প্রস্তাব অনুযায়ী, পরিবহন, পর্যটন, বিদ্যুৎ, পানি, টেলিযোগাযোগ, বন্দর, বিমানবন্দর এবং তেল-গ্যাস খাতের বেসরকারি পরিচালনাধীন সরকারি প্রকল্পগুলোতে প্রতি পাঁচজন কর্মীর মধ্যে অন্তত চারজনই হতে হবে বাহরাইনি। এর আগে প্রস্তাবিত এই হার ছিল ৫০ শতাংশ। তবে যোগ্য বাহরাইনি কর্মী পাওয়া না গেলে বিশেষ ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন ১৭ জন সংসদ সদস্য, বিপক্ষে ছিলেন ৭ জন। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির শুরা কাউন্সিলে যাবে। এই উদ্যোগের পক্ষে সংসদ সদস্যদের যুক্তি, সরকারি প্রকল্প বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেও যেন স্থানীয় নাগরিকদের চাকরির সুযোগ কমে না যায়। অন্যদিকে, সরকারের আশঙ্কা, সব খাতে একই নিয়ম বাধ্যতামূলক করলে ব্যবসার খরচ বাড়তে পারে এবং বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।

 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতের দুবাইয়ে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা

আমিরাতের দুবাইয়ে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিয়েছে দুবাই মিউনিসিপ্যালিটি। দুবাইয়ের প্রতিটি বাড়িতে এবার থাকবে দুটি করে ময়লার বিন! বড় বড় কমিউনিটি ডাস্টবিনের পরিবর্তে প্রতিটি বাড়িতে দেওয়া হবে দুটি আলাদা বিন— একটিতে ফেলা হবে সাধারণ আবর্জনা, আর অন্যটিতে রাখা হবে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য; যেমন- প্লাস্টিক, কাগজ ও কাচ। শুধু তাই নয়, প্রতিটি বিনে থাকবে বিশেষ বারকোড, যার মাধ্যমে বর্জ্য সংগ্রহের তথ্য এবং প্রতিটি বাড়ি থেকে কতটা আবর্জনা তৈরি হচ্ছে, তা নজরদারি করা যাবে। যেসব পরিবার আবর্জনা কমাতে সফল হবে, তাদের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। ইতোমধ্যে আল মিজহার ফোর এলাকায় নতুন বিন বিতরণ শুরু হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো আবর্জনা আলাদা করে সংগ্রহ করা, পুনর্ব্যবহার বাড়ানো এবং এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। তবে পুরো দুবাইয়ে এই ব্যবস্থা কবে চালু হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনো ঘোষণা করা হয়নি।


কুয়েত

কুয়েতে ভাঙা হচ্ছে ২৬৩টি বিল্ডিং

কুয়েতে ভবন তৈরিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৬৩টি স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এই অভিযান চলছে জালিব আল-শুয়ুখ এলাকায়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবন মালিকদের আগে নোটিশ দেওয়া হলেও নির্দেশনা মেনে অবৈধ নির্মাণ সরিয়ে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ২৬৩টি স্থাপনা ভাঙা হচ্ছে। এছাড়া আরো ৪৯৪টি স্থাপনা ভাঙার প্রস্তুতি চলছে, যার কাজ আগামী তিন সপ্তাহের মধ্যে শুরু হতে পারে। পুরো অভিযানটি তিনটি ধাপে পরিচালিত হবে। আর ভাঙার কাজ এবং ধ্বংসাবশেষ সরানোর খরচও বহন করতে হবে সংশ্লিষ্ট সম্পত্তির মালিকদের। যেসব স্থাপনার বিষয়ে এখনো কারিগরি প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি, সেগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ভবন নির্মাণের নিয়ম কার্যকর করা এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই কুয়েতের এই অভিযান।


ওমান

ওমানে চুরির অভিযোগে ২ এশীয় আটক

ওমানে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে দুই এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সোহার অঞ্চলের একটি বিশ্রামকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ওমানের নর্থ আল বাতিনাহ পুলিশ কমান্ডের সদস্যরা অভিযান চালিয়ে ওই দুই সন্দেহভাজনকে আটক করেন। অভিযোগ অনুযায়ী, একটি ব্যাগে রাখা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির সঙ্গে তারা জড়িত। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা কিংবা চুরি হওয়া সম্পদের মোট মূল্য সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। ওমানের এই ঘটনায় আবারো সামনে এসেছে প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিদেশে অবস্থান করার সময় অন্যের সম্পদ নিয়ে যে কোনো ধরনের অপরাধে জড়ালে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। তাই সতর্ক থাকতে হবে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও।

Logo