মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ অক্টোবর ২০২৬
কু্য়েতে অবৈধ কসাইখানা, তিন বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৪১
কুয়েত
কু্য়েতে অবৈধ কসাইখানা, তিন বাংলাদেশি গ্রেপ্তার
কুয়েতে অবৈধভাবে
পশু জবাইয়ের দুটি আস্তানার সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আর এ ঘটনায় গ্রেপ্তার
হয়েছেন তিন বাংলাদেশি নাগরিক। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের জাহরা গভর্নরেটের
বার রাহিয়া এলাকায় প্রয়োজনীয় লাইসেন্স ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এসব স্থানে পশু
জবাই করা হতো। কর্তৃপক্ষের কাছে তথ্য আসে, সেখানে সুস্থ ও অসুস্থ দুই
ধরনের পশুই অর্ডার অনুযায়ী জবাই করা হচ্ছে। পরে তদন্ত ও নজরদারির সময় একটি গাড়িতে
করে পশু নিয়ে আসতে দেখে অভিযান চালায় গোয়েন্দারা। প্রথম আস্তানা থেকে দুইজনকে গ্রেপ্তার
করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধির ন্যূনতম মানও মানা হয়নি
এবং জায়গাটিতে পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব রয়েছে। এছাড়া অবৈধ কার্যক্রমের আয় বলে
ধারণা করা কিছু নগদ অর্থও পাওয়া যায়। তদন্তে প্রথমটির পাশেই দ্বিতীয় একটি অবৈধ জবাইখানার
সন্ধান মেলে। আর সেখানেই গ্রেপ্তার হন তৃতীয়
বাংলাদেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ স্থাপনা ও আশপাশের লোহার বেড়া সরিয়ে ফেলতে
জাহরা পৌরসভার সাথে যৌথভাবে তদারকির কাজ চলছে। তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে
পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের
জানা দরকার যে, কুয়েতে কসাইখানার স্থাপন এবং এই কাজের জন্য উপযোগী মানুষের বৈধ লাইসেন্সের
প্রয়োজন হয়।
সৌদি আরব
সৌদিতে বাড়ছে ন্যূনতম মজুরি, বাড়বে ইউটিলিটি বিলও
সৌদি আরবে নাগরিকদের
ন্যূনতম মজুরি ৫ হাজার রিয়াল নির্ধারণের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। দেশটির বেসরকারি
খাতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণ জোরদার করতে
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘নিতাকাত’
কর্মসূচির আওতায় সৌদি কর্মীদের ন্যূনতম মজুরির নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া
সৌদিতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বাড়ছে বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশন সেবার ট্যারিফ
বা কর। তবে এই বাড়তি খরচের চাপ কমাতে দেশটির নাগরিকদের জন্য আর্থিক সহায়তারও ঘোষণা
দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, যুবরাজ
ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণির সরকারি
ও সামরিক কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত
পরিবারগুলোর জন্য মাসে ৫০০ সৌদি রিয়াল করে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘোষণায় বিদেশি কর্মীদের ন্যূনতম
মজুরি বাড়ানোর কথা বলা হয়নি। তাই এটিকে বাংলাদেশি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হিসেবে
দেখার সুযোগ নেই।
বাহরাইন
বাহরাইনে মাদক
কারবারে আটক ৬ এশীয়
বাহরাইনে মাদকবিরোধী
অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এশীয় বংশোদ্ভূত ছয়জন নাগরিককে। যদিও তাদের নাম-পরিচয়
জানায়নি কর্তৃপক্ষ। তিনটি আলাদা ঘটনায় অভিযান চালিয়ে ২৭ হাজার বাহরাইনি দিনারেরও
বেশি বাজারমূল্যের মাদকদ্রব্য ও মস্তিষ্কে প্রভাব ফেলে এমন নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে
দেশটির নিরাপত্তা বাহিনী। ২৫ অক্টোবর প্রকাশিত নিউজ অব বাহরাইনের প্রতিবেদন অনুযায়ী,
দেশটির অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞান বিভাগের অধীন মাদকবিরোধী অধিদপ্তর এসব অভিযান
পরিচালনা করে। তিনটি ঘটনার মধ্যে দুটি অভিযানে কাস্টমস কর্তৃপক্ষও সমন্বিতভাবে কাজ
করেছে। প্রাথমিক তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করেন কর্মকর্তারা। পরে সন্দেহভাজনদের শনাক্ত
করে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থের পাশাপাশি নগদ
অর্থও উদ্ধার করা হয়েছে, যা মাদক বিক্রির টাকা বলে ধারণা করছে কর্তৃপক্ষ। প্রয়োজনীয়
আইনি প্রক্রিয়া শেষে তিনটি মামলাই পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনে
পাঠানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের শারজাহতে
নতুন বাস রুট চালু
সংযুক্ত আরব
আমিরাতের শারজাহতে নতুন তিনটি বাস রুট চালু হয়েছে আর এর মাধ্যমে যাত্রীরা সহজেই আল ধাইদ এলাকার ইতিহাদ রেল স্টেশনে পৌঁছাতে পারবেন। নতুন
রুট তিনটি হলো—ইআর ১, যা আল মাদাম থেকে ইতিহাদ রেল স্টেশনে যাবে; ইআর২, যা
আল সাজা বাস স্টেশন থেকে রেল স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করবে; এবং ইআর৩, যা শারজাহ
শহরের আল জুবাইল বাস স্টেশন থেকে আল ধাইদ রেল স্টেশনে যাবে। ২৬ অক্টোবর প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী,
শারজাহ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা এসআরটিএ এই নতুন বাস সার্ভিস চালু করেছে।
এর উদ্দেশ্য হলো বাস ও ট্রেনের যোগাযোগ আরো সহজ করা এবং যাত্রীদের যাতায়াতের সুবিধা
বাড়ানো। এর মধ্যে ইআর২ রুটে যাত্রা করতে সময় লাগবে প্রায় ৪৩ মিনিট। এই রুটে আল ধাইদ
স্টেশন থেকে আল সাজার উদ্দেশে প্রতিদিন ১২টি বাস ছাড়বে, যার প্রথমটি সকাল ৬টা ৪০ মিনিটে
এবং শেষটি রাত ৮টা ৫৫ মিনিটে। নতুন এই বাস সার্ভিসের ফলে শারজাহর বিভিন্ন এলাকা থেকে
যাত্রীরা আরো সহজে ইতিহাদ রেলের যাত্রীসেবা নিতে পারবেন।
ওমান
ওমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা
ওমানে সামাজিক
যোগাযোগমাধ্যমে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারি কর্মকর্তাদের অপমান করলে সর্বোচ্চ ৩
বছরের কারাদণ্ড এবং ৫ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ওমানের সাইবার
অপরাধ আইন অনুযায়ী, অনলাইনে বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বা ওমানে স্বীকৃত কূটনৈতিক
প্রতিনিধিকে প্রকাশ্যে অপমান বা মানহানি করলে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, ১
হাজার থেকে ৫ হাজার ওমানি রিয়াল জরিমানা অথবা যে কোনো একটি শাস্তি হতে পারে। একই আইনে ওমানের বৈদেশিক সম্পর্ক বা জাতীয় স্বার্থ
ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কনটেন্ট প্রকাশের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ২৬ অক্টোবর
প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পাবলিক প্রসিকিউশন সতর্ক করেছে, শুধু
নিজের পোস্ট নয়, আইনবিরোধী কনটেন্ট শেয়ার, পুনরায় পোস্ট কিংবা এ ধরনের কাজে উসকানি
দিলেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং
দেশটির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা খবর প্রকাশের জন্যও পৃথক শাস্তির বিধান
রয়েছে। কর্তৃপক্ষ সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার এবং অন্য দেশ,
তাদের নেতা, জাতীয় প্রতীক ও জনগণকে অপমান করে এমন বক্তব্য বা কনটেন্ট থেকে বিরত থাকার
আহ্বান জানিয়েছে।
logo-1-1740906910.png)