Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বিচার চলছে ৩৭ হাজারের বেশি প্রবাসীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৬:১২

সৌদি আরবে বিচার চলছে ৩৭ হাজারের বেশি প্রবাসীর

সৌদি আরব

সৌদি আরবে বিচার চলছে ৩৭ হাজারের বেশি প্রবাসীর

সৌদি আরবে আইন ভঙ্গের কারণে ৩৭ হাজার ৬১৮ জন বিভিন্ন দেশের প্রবাসীর বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যে ২০ হাজার ২৫২ জনকে নিজ দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য। ধারণা করা হচ্ছে, এদের অনেককেই নিজ দেশে ফেরত পাঠানো হবে। আর ৬ হাজার ৫৫৫ জনকে পাঠানো হয়েছে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে। একই সময়ে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সৌদি গেজেটের বরাতে জানানো হয়েছে, সৌদি আরবে বর্তমানে দেশজুড়ে বিশেষ অভিযানে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৫৫৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য ৩ হাজার ৮৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনে ৩ হাজার ৪৮৬ জনকে আটক করা হয়।


বাহরাইন

বাহরাইনে গাড়ির মাইলেজ যাচাইয়ের প্রস্তাব

বাহরাইনে ব্যবহৃত গাড়ি বিক্রির ক্ষেত্রে মাইলেজ জালিয়াতি বন্ধে প্রতি বছর গাড়ির ফিটনেস পরীক্ষার সময় ওডোমিটারের (দূরত্ব মাপার যন্ত্র) রিডিং সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন দেশটির সংসদ সদস্য মোহাম্মদ সালমান আল আহমেদ। প্রস্তাবটি আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে। এর আওতায় প্রতি বছরের মাইলেজ ইলেকট্রনিকভাবে সংরক্ষণ করে ট্রাফিক অধিদপ্তরের গাড়ির ইতিহাসের রেকর্ডে যুক্ত করা হবে। ফলে ক্রেতারা ব্যবহৃত গাড়ি কেনার আগে সেটি প্রকৃতপক্ষে কত কিলোমিটার চলেছে, তা যাচাই করতে পারবেন। বর্তমানে কিছু বিক্রেতা গাড়ির প্রকৃত ব্যবহার আড়াল করে বেশি দামে বিক্রির জন্য ওডোমিটারের রিডিং কমিয়ে দেন। এ ধরনের প্রতারণা ঠেকাতে কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন ওই সংসদ সদস্য। তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত আইন অনুযায়ী গাড়ির মাইলেজ নয়, বরং যান্ত্রিক নিরাপত্তা ও সড়কে চলাচলের উপযোগিতা যাচাই করা হয়। মাইলেজ জালিয়াতি অবশ্য বিদ্যমান আইনে প্রতারণা হিসেবে বিবেচিত।

 

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে ভুয়া পার্টটাইম চাকরির ফাঁদ, সতর্ক করল পুলিশ

সংযুক্ত আরব আমিরাতে পার্টটাইম চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা অতিরিক্ত আয়ের আশায় থাকা চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করতে আকর্ষণীয় বেতনের ভুয়া চাকরির বিজ্ঞাপন দিচ্ছে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য চুরি করা কিংবা চাকরিপ্রার্থীদের অবৈধ আর্থিক লেনদেনে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে, কোনো প্রতিষ্ঠান যদি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে কমিশনের বিনিময়ে অন্য ব্যক্তি বা অ্যাকাউন্টে পাঠাতে বলে, তাহলে সেটিকে বড় সতর্কসংকেত হিসেবে দেখার পরামর্শ দিয়েছে পুলিশ। এ ধরনের প্রস্তাব পেলে অবিলম্বে যোগাযোগ বন্ধ করতে হবে। পাশাপাশি চাকরির জন্য কোনো নিবন্ধন ফি বা অগ্রিম অর্থ না দেওয়া, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং কাউকে ব্যাংকিং তথ্য বা ওয়ান-টাইম পাসওয়ার্ড, অর্থাৎ ওটিপি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চাকরির প্রস্তাব গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, পরিচয়, ঠিকানা এবং নিবন্ধনের তথ্য সরকারি মাধ্যমে যাচাই করার পরামর্শ দিয়েছে দুবাই পুলিশের অ্যান্টি-ফ্রড সেন্টার। প্রকৃত নিয়োগদাতা সাধারণত চাকরির শর্তাবলি স্পষ্টভাবে জানায় এবং চাকরি দেওয়ার জন্য অর্থ দাবি করে না।

 

কুয়েত

কুয়েতে ময়লার কনটেইনারে ভারতীয় প্রবাসীর মরদেহ

কুয়েতে সহকর্মী প্রবাসীর মরদেহ ময়লার কনটেইনারে ফেলে দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একটি ময়লার কনটেইনারের ভেতর অজ্ঞাতপরিচয় এক প্রবাসীর মরদেহ পাওয়ার পর ঘটনাটি সামনে আসে। নিহত ব্যক্তির কাছে কোনো পরিচয়পত্র না থাকায় তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য মরদেহটি ফরেনসিক বিভাগে পাঠানো হয়। পরবর্তী তদন্তে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয় এবং জানা যায়, যেখানে মরদেহটি পাওয়া গেছে, তার কাছাকাছি একটি বাসাতেই তিনি বসবাস করতেন। তদন্তের একপর্যায়ে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরেক ভারতীয় প্রবাসীকে শনাক্ত করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি মরদেহটি অন্যত্র নিয়ে গিয়ে ময়লার কনটেইনারে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে তিনি দাবি করেছেন, ওই ব্যক্তির মৃত্যুর জন্য তিনি দায়ী নন। তার ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে ওই ব্যক্তি ওষুধ সেবন করেছিলেন। মৃত্যুর ঘটনায় নিজেকে দায়ী করা হতে পারে- এমন আশঙ্কা থেকেই তিনি মরদেহ সরিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে তদন্তকারীদের জানিয়েছেন। এ ঘটনায় সন্দেহজনক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

 

ওমান

ওমানে আবাসিক এলাকায় শ্রমিকদের আবাসনে নিষেধাজ্ঞা

ওমানে প্রবাসী শ্রমিকদের আবাসন নিয়ে কঠোর বিধিনিষেধের  ব্যাপারে আবারো সতর্ক করেছে মাসকাট পৌরসভা। দেশটির ওমান অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, আবাসিক এবং আবাসিক-বাণিজ্যিক এলাকায় শ্রমিক বা ব্যাচেলরদের জন্য আবাসিক ভবন কিংবা বিশেষ আবাসন কমপ্লেক্স নির্মাণ ও পরিচালনা নিষিদ্ধ। একই ভবনে পরিবার ও ব্যাচেলরদের একসঙ্গে বসবাসের ব্যবস্থাও করা যাবে না। মাসকাট পৌরসভার স্থানীয় আদেশে এসব বিধিনিষেধ উল্লেখ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন যে উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদন পেয়েছে, সেটি সেই উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। কোনো ভবনে অনুমোদিত ধারণক্ষমতার বেশি মানুষ বসবাস করলে কিংবা অনুমোদিত ব্যবহারের বাইরে আবাসন পরিচালনা করা হলে আশপাশের সড়ক, পার্কিং ও সাধারণ সুযোগ-সুবিধার ওপর চাপ বাড়তে পারে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, গোপনীয়তা ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হতে পারে। তাই বাড়ি ভাড়া নেওয়ার আগে ভবনটির অনুমোদিত ব্যবহার যাচাই করার পরামর্শ দিয়েছে পৌরসভা। একই সঙ্গে বাড়ির মালিক, সম্পত্তির মালিক ও নিয়োগকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আবাসনসংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা এবং পরিবারগুলোর বসবাসের পরিবেশ সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে মাসকাট পৌরসভা।

Logo