Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে লাগেজ হারালে করণীয় কী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৩:১৭

সৌদিতে লাগেজ হারালে করণীয় কী?

সৌদি আরবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় যেসব যাত্রী এখনো তাদের লাগেজ ফেরত পাননি, তাদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি এয়ারলাইন্সের ক্ষতিগ্রস্ত যাত্রীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হারানো লাগেজের অভিযোগ জমা দিতে পারবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের ‘Lost Baggage Claim’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগ নিবন্ধন করতে হবে। অন্য এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাষ্য, যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশোধিত ফ্লাইট সূচি ঘোষণা করা হবে। তবে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ বা বাংলাদেশে ফিরতে পারবেন।

সংশ্লিষ্টরা সৌদিগামী যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যাদের ট্রানজিট, কর্মস্থলে যোগদান বা ওমরাহ ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের যাত্রা পরিকল্পনা নতুন করে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

Logo