Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ অক্টোবর ২০২৬

সৌদিতে বিচারের মুখোমুখি ৩৮ হাজারের বেশি প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৯:২৬

সৌদিতে বিচারের মুখোমুখি ৩৮ হাজারের বেশি প্রবাসী

সৌদি আরব

সৌদিতে বিচারের মুখোমুখি ৩৮ হাজারের বেশি প্রবাসী

সৌদিতে বিভিন্ন অপরাধে বিচারের মুখোমুখি ৩৪ হাজার ৮৩৪ জন বিভিন্ন দেশের প্রবাসী। যাদের মধ্যে ৩২ হাজার ৪৩৩ জন পুরুষ এবং ২ হাজার ৪০১ জন নারী। নিয়ম লঙ্ঘনের দায়ে আটককৃতদের মধ্যে ২০ হাজার ১৯০ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে হলো এরা সবাই সৌদি থেকে বহিষ্কারের মুখে পড়তে যাচ্ছেন। তবে বহিষ্কারের মুখে পড়তে যাওয়াদের ৯৯ শতাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। আর ৬ হাজার ৫০৯ জনকে এখনই সৌদি ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। এদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো হয়নি। সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ১৩ হাজার ৮০০টির বেশি ঘটনা শনাক্ত হয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য এ তথ্য গুরুত্বপূর্ণ। কারণ বৈধ আবাসন অনুমতি বা ইকামা, কাজের অনুমতি এবং নির্ধারিত নিয়ম মেনে চাকরি করার বিষয়গুলো সরাসরি তাদের অবস্থানের বৈধতার সঙ্গে যুক্ত। নিয়োগকর্তার অনুমতি ও প্রযোজ্য নিয়মের বাইরে কাজ করা, ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই প্রবাসীদের ইকামা ও কাজের অনুমতির মেয়াদ নিয়মিত যাচাই করা, নিয়োগকর্তার সঙ্গে চুক্তির শর্ত মেনে চলা এবং কোনো অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান নেওয়া জরুরি। 


বাহরাইন

বাহরাইনে ডেলিভারি বাইকের নতুন লাইসেন্স বন্ধের প্রস্তাব

বাহরাইনে খাবার ও পার্সেল সরবরাহের কাজে ব্যবহৃত বাইকের নতুন লাইসেন্স দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব করেছেন দেশটির সংসদ সদস্যরা। ডেলিভারি খাতে দ্রুত বাইকের সংখ্যা বৃদ্ধি, চালকদের প্রশিক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে দুর্বলতা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে তাদের উদ্বেগ। প্রস্তাবটির পক্ষে সংসদের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি সর্বসম্মত সমর্থন জানিয়েছে। কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য ড. হাসান বুখাম্মাসের তথ্য অনুযায়ী, ডেলিভারি বাইক চালকদের দুর্ঘটনায় মৃত্যু ২০২৩ সালে চারটি থেকে বেড়ে ২০২৪ সালে সাতটিতে দাঁড়ায়। প্রস্তাব অনুযায়ী, খাতটির জন্য কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, পেশাগত মানদণ্ড ও সড়ক নিরাপত্তার নিয়ম তৈরি না হওয়া পর্যন্ত নতুন লাইসেন্স সীমিত রাখার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এখনো এটি প্রস্তাবের পর্যায়ে; কার্যকর সিদ্ধান্ত হয়েছে- এমন তথ্য প্রতিবেদনে নেই। বাহরাইনে কর্মরত বাংলাদেশি ডেলিভারি রাইডারদের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ। তাদের বৈধ লাইসেন্স, প্রশিক্ষণ, হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম এবং ট্রাফিক আইন মেনে চলা উচিত। প্রস্তাবটি চূড়ান্ত হলে নতুন রাইডারদের কাজ শুরু করার প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, জালিয়াত চক্রের ৮ জন গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতে বৈধ প্রশিক্ষণ ও পরীক্ষা ছাড়াই বিদেশি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে তা আমিরাতের লাইসেন্সে রূপান্তরের প্রতারণায় জড়িত আট সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। খালিজ টাইমসের ১৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, চক্রটি এমন ব্যক্তিদের বিদেশি লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করত, যারা সংশ্লিষ্ট দেশে কখনো ভ্রমণ করেননি, গাড়ি চালানোর প্রশিক্ষণ নেননি কিংবা প্রয়োজনীয় পরীক্ষায় অংশ নেননি। প্রতিটি লাইসেন্সের জন্য তারা ১০ হাজার দিরহাম পর্যন্ত নিত। পরে আন্তর্জাতিক লাইসেন্স বিনিময় চুক্তির সুযোগ কাজে লাগিয়ে এসব লাইসেন্স আমিরাতের লাইসেন্সে পরিবর্তনের চেষ্টা করা হতো। দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়। পুলিশ সতর্ক করেছে, জেনেশুনে এ ধরনের অবৈধ সেবা নেওয়া ব্যক্তিরাও ফৌজদারি দায়ের মুখে পড়তে পারেন। বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা, দালাল বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ ও পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রস্তাবে রাজি হবেন না। লাইসেন্সের বৈধতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করুন। 


কুয়েত

কুয়েতে প্রকাশ্যে জুয়া খেলায় চার এশীয় নাগরিক গ্রেপ্তার

কুয়েতের সালহিয়া এলাকায় খোলা জায়গায় জুয়া খেলার অভিযোগে চার এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আরব টাইমসের খবরে বলা হয়েছে, ওই এলাকায় জুয়া খেলার খবর পেয়ে ক্যাপিটাল সিকিউরিটি বিভাগের টহল দল অভিযান চালায়। ঘটনাস্থলে চারজনকে জুয়া খেলতে দেখা যায় বলে নিরাপত্তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ অর্থও জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা অর্থ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের জাতীয়তা বা তাদের মধ্যে বাংলাদেশি কেউ রয়েছেন কিনা, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এ ঘটনা সতর্কবার্তা হিসেবে বিবেচ্য। দেশটিতে জুয়া বা এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে আইনি জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে জনসমাগমস্থল বা খোলা জায়গায় অর্থের বিনিময়ে অবৈধ খেলায় অংশ নেওয়া থেকে বিরত থাকা উচিত। 


ওমান

ওমানে বাড়তে পারে বৃষ্টি, তাপমাত্রাও থাকবে বেশি 

ওমানে আগামী কয়েক মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। একই সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে বাড়তি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওমান অবজারভারের খবরে বলা হয়েছে, দেশটির সিভিল এভিয়েশন অথরিটির মৌসুমি পূর্বাভাসে অক্টোবর ও নভেম্বরে উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। এল নিনো পরিস্থিতি নভেম্বর ও ডিসেম্বরে আরো শক্তিশালী হতে পারে। এর প্রভাবে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিতে ওয়াদি বা মৌসুমি জলপ্রবাহ উপচে পড়তে পারে এবং নিচু এলাকায় পানি জমতে পারে। এর সঙ্গে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও শিলাবৃষ্টিও হতে পারে। ওমানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ করে উত্তরাঞ্চলে বসবাস বা কাজ করার সময় স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করা উচিত। ভারী বৃষ্টির সময় ওয়াদি, নিচু সড়ক ও পানিতে ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় দৃশ্যমানতা ও সড়কের অবস্থা বিবেচনায় নিতে হবে। আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখতে হবে।

Logo