Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ অক্টোবর ২০২৬

বাহরাইন প্রবাসীদের হেল্থ কার্ড ফি যাচাই-বাছাই হচ্ছে, বাড়তে পারে খরচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩১

বাহরাইন প্রবাসীদের হেল্থ কার্ড ফি যাচাই-বাছাই হচ্ছে, বাড়তে পারে খরচ

বাহরাইন

বাহরাইন প্রবাসীদের হেল্থ কার্ড ফি যাচাই-বাছাই হচ্ছে, বাড়তে পারে খরচ

বাহরাইনে প্রবাসী ও বিদেশি পর্যটকদের চিকিৎসা খরচ বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। তবে তা এখনই বাড়ছে না। সংসদ ও শুরা কাউন্সিলবিষয়ক মন্ত্রী ঘানিম আল বুয়াইনাইন জানিয়েছেন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার পর চিকিৎসার প্রকৃত খরচ, সেবার মান ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বিবেচনা করে নতুন ফি নির্ধারণ করা হবে। প্রবাসী বাসিন্দা ও পর্যটকদের স্বাস্থ্যবিমার আওতায় আনা হবে এবং পর্যটক ভিসার জন্যও স্বাস্থ্যবিমা ফি চালুর প্রস্তুতি চলছে। তবে নতুন ফি কত হবে কিংবা কবে থেকে কার্যকর হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। এদিকে প্রশিক্ষণ শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়া বাহরাইনি ডেন্টিস্টদের সরকারি চাকরিতে শূন্যপদ ও অর্থায়ন পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে। বেকার চিকিৎসকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি চালু রাখার কথাও জানিয়েছে সরকার। বিদেশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গ্র্যাজুয়েটরাও নির্ধারিত শর্তে বাহরাইনের অনুমোদিত হাসপাতালে ইন্টার্নশিপ করতে পারবেন। অন্যদিকে, কয়েকটি নতুন স্বাস্থ্যকেন্দ্র ও রেডিওলজি বিভাগ স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার। পাশাপাশি ২৪ ঘণ্টার স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকদের শিফট ডিউটি, ভাতা ও পদোন্নতির সুযোগ নিয়ে বিদ্যমান নিয়মের কথাও তুলে ধরেছে মন্ত্রণালয়।

সৌদি আরব

সৌদিতে নাপিতদের লাগবে হেল্থ সার্টিফিকেট, কঠিন হচ্ছে নিয়ম কানুন

সৌদি আরবে সেলুনে চুল কাটার নিয়ম আরো কঠোর করেছে দেশটির সরকার! এখন থেকে নাপিতদের বৈধ স্বাস্থ্য সনদ থাকতে হবে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সেবা দেওয়ার আগে ও সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার গ্রাহকের সেবা দেওয়ার পর পুনরায় ব্যবহারযোগ্য কাঁচি, ব্লেডের হোল্ডারসহ অন্যান্য সরঞ্জাম পরিষ্কার, জীবাণুমুক্ত ও স্টেরিলাইজ করতে হবে। আর একবার ব্যবহারযোগ্য সরঞ্জাম ব্যবহারের পরপরই ফেলে দিতে হবে। পাশাপাশি সেলুনের সব যন্ত্রপাতি নিয়মিত জীবাণুমুক্ত করা এবং সেবার স্থান পরিষ্কার রাখা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাইরে গ্রাহকের বাসায় গিয়ে চুল কাটতে হলে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এ ধরনের হোম সার্ভিস দেওয়া যাবে না। মন্ত্রণালয় বলছে, এসব নিয়মের উদ্দেশ্য গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা, সেবার মান উন্নয়ন এবং সেলুন ব্যবসায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। নিয়মগুলো সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা এবং জরিমানা দেওয়ার আগেই তাদের বিধি মেনে চলতে উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই সৌদি আরবে সেলুন ব্যবসায়ী ও কর্মীদের নতুন নির্দেশনাগুলো জেনে রাখা জরুরি।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে শিক্ষার্থীদের লাঞ্ছিত করায় শিক্ষকের জেল

আবুধাবিতে চার শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত! একই সঙ্গে কারাভোগ শেষে তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার এবং মামলার সব বিচারিক খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবির একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মারধরের ফলে তারা আহত হয় এবং সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারেনি। তদন্ত ও আদালতে ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধরের কথা স্বীকার করেন। তার দাবি ছিল, ক্লাসে বিশৃঙ্খলা ও গোলমাল ঠেকাতে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলায় রাখতে তিনি এমনটি করেছিলেন।তবে শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজেও শিক্ষার্থীদের ওপর তার সহিংস আচরণের প্রমাণ পাওয়া গেছে। আদালত জানিয়েছে, স্কুলে এবং পাঠদান চলাকালে এ ধরনের হামলা জননিরাপত্তা ও শৃঙ্খলার পরিপন্থি। আমিরাতের আইন অনুযায়ী, শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, চাকরিগত শাস্তি কিংবা বরখাস্তের মতো ব্যবস্থাও নেওয়া যেতে পারে। শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আইন কঠোরভাবে প্রয়োগের ওপরও গুরুত্ব দিয়েছে আদালত।

কুয়েত

কুয়েতে ৭৭৩ কেজি পচা মাছ জব্দ, আটক বেশ কয়েকজন 

কুয়েতে আল-কুত মলের মাছের বাজারে অভিযান চালিয়ে ৭৭৩ কেজি পচা মাছ জব্দ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই অভিযানে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আহমাদি গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তর মাছের বাজার ও মাছ ধরার নৌকার ঘাটে এই অভিযান পরিচালনা করে। এতে কোস্টগার্ড, খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষ, জনশক্তি কর্তৃপক্ষ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং পরিবেশ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে পচা মাছের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে লঙ্ঘনের নোটিশ দেওয়া হয়। এছাড়া মদ্যপ অবস্থায় থাকায় আরো দুই ব্যক্তিকে আটক করা হয়। অন্যদিকে, আবাসিক অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আটক করা হয় আরো দুইজনকে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করা এবং বাজারে নিয়মকানুন কার্যকর রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। তাই কুয়েতে মাছ কেনার সময় সতর্ক থাকতে এবং মাছের সতেজতা ও মান যাচাই করে কিনতে পরামর্শ দেওয়া হয়েছে।

Logo