Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসী ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৪:৪০

সৌদিতে এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসী ফেরত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে প্রায় ১৪ হাজার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অভিযানে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে দেশব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, আবাসন, শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে হাজারো বিদেশিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিকের বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে আড়াই হাজারেরও বেশি নারী রয়েছেন।

যেসব ব্যক্তির বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট নেই, তাদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ট্রাভেল পারমিট সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

অভিযানে শুধু অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদেরই নয়, তাদের আশ্রয়, কর্মসংস্থান বা যাতায়াতে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগে অন্তত ২১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি, যানবাহন বা অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হতে পারে।

দেশটির নিরাপত্তা বাহিনী নাগরিক ও বাসিন্দাদের অনিয়মিত অভিবাসন বা আইন লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে। এ জন্য মক্কা, রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে জরুরি নম্বর ৯১১ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Logo