মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ অক্টোবর ২০২৬
সৌদিতে অবৈধদের বিরুদ্ধে অভিযান, আটক প্রায় ১৪ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৫:২৪
বাহরাইন
বাহরাইনে প্রবাসীদের চাকরি কমানোর প্রস্তাব
বাহরাইনে প্রবাসীদের কর্মসংস্থান কমানো নিয়ে নতুন একটি প্রস্তাব আলোচনায় এসেছে। দেশটির সংসদ সদস্য ড. মুনির সারুর এমন একটি পরিকল্পনা প্রস্তাব করেছেন, যার লক্ষ্য হলো বেসরকারি প্রতিষ্ঠানে প্রবাসীদের করা বিভিন্ন কাজে বাহরাইনের নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে নিয়োগের উপযোগী করে তোলা। ৯ অক্টোবর প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই পরিকল্পনায় চাকরির পদ খালি হওয়ার আগেই বাহরাইনি নাগরিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশটির শ্রম মন্ত্রণালয়, শ্রম তহবিল তামকিন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করতে পারে। ভবিষ্যতে কোন খাতে কী ধরনের দক্ষ কর্মী প্রয়োজন হবে, তা নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং চাকরির বাজারের তথ্য ব্যবহার করার প্রস্তাবও রয়েছে। এর মূল লক্ষ্য হলো, স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো এবং দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা। এটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে, এখনো কার্যকর হয়নি। তবে এটি কার্যকর হলে প্রবাসীদের ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলবে।
সৌদি আরব
সৌদিতে অবৈধদের বিরুদ্ধে অভিযান, আটক প্রায় ১৪ হাজার
সৌদিতে গত সপ্তাহে প্রায় ১৪ হাজার আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন, ৩ হাজার ৭১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপিয়ার, ৩৩ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় আটক হয়েছেন ৩৪ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় কিংবা কাজে সহযোগিতা করার অভিযোগে আরো ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। তাই সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের বৈধ কাগজপত্র ও কাজের অনুমতি নিশ্চিত করার পাশাপাশি দেশটির আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কুয়েত
কুয়েত থেকে সৌদির ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল করেছে কুয়েত এয়ারওয়েজ। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর শনিবার কুয়েত থেকে রিয়াদগামী KU775 এবং রিয়াদ থেকে কুয়েতগামী ফিরতি ফ্লাইট KU776 বাতিল করা হয়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন দুই দেশের মধ্যে যাতায়াতের পরিকল্পনা করা যাত্রীরা। যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বরে নোটিফিকেশন ও এসএমএসের মাধ্যমেও আপডেট পাঠানো হবে। পাশাপাশি এয়ারলাইনটির অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে। তাই কুয়েত থেকে রিয়াদ কিংবা রিয়াদ থেকে কুয়েত যাওয়ার পরিকল্পনা থাকলে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে অবশ্যই ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে। কারণ পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্লাইটের সময়সূচিও বদলাতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আবুধাবির বিমানবন্দরে ৮০০টি নতুন ট্যাক্সির ব্যবস্থা
আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত আরো সহজ করতে যুক্ত হয়েছে ৮০০টি নতুন ট্যাক্সি। গত ৬ অক্টোবর আবুধাবির সমন্বিত পরিবহন কেন্দ্র বা আবুধাবি মোবিলিটি এই নতুন ট্যাক্সি পরিষেবা চালুর ঘোষণা দেয়। এর মধ্যে ৫০০টি বিলাসবহুল ট্যাক্সি বিশেষভাবে বিমানবন্দরের যাত্রীদের সেবা দেওয়ার জন্য রাখা হয়েছে। বাকি ৩০০টি ট্যাক্সি আবুধাবি শহরের বিভিন্ন এলাকায় চলাচল করবে এবং ব্যস্ত সময়ে বিমানবন্দরের যাত্রী পরিবহনেও সহায়তা করবে। কর্তৃপক্ষের লক্ষ্য, যাত্রীদের চাহিদা পূরণ করা, অপেক্ষার সময় কমানো এবং বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর যাত্রাকে আরো আরামদায়ক করা। বিশেষ করে ছুটির মৌসুম ও যাত্রীদের চাপ বেশি থাকার সময় এই নতুন ট্যাক্সিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই আবুধাবিতে যাতায়াতকারী প্রবাসী বাংলাদেশি ও ভ্রমণকারীদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)