Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ অক্টোবর ২০২৬

বাহরাইনে স্কুটার ও সাইকেল চালকদের জন্য কঠোর নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৯

বাহরাইনে স্কুটার ও সাইকেল চালকদের জন্য কঠোর নিয়ম

বাহরাইন

বাহরাইনে স্কুটার ও সাইকেল চালকদের জন্য কঠোর নিয়ম

বাহরাইনে কঠোর হচ্ছে ট্রাফিক আইন ইলেকট্রিক স্কুটার ও সাইকেল চালকদের জন্য! নিয়ম ভাঙলেই হতে পারে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, সঙ্গে গুনতে হতে পারে ৫০০ বাহরাইনি দিনার জরিমানা। ৯ অক্টোবর নতুন করে এই আইন কার্যকরে কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। নিয়ম অনুযায়ী, ইলেকট্রিক স্কুটার চালাতে হবে নির্ধারিত এলাকায় এবং ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে। স্কুটারে একসঙ্গে একাধিক ব্যক্তি চলাচল করা এবং উল্টো পথে চালানো নিষিদ্ধ। চালককে অবশ্যই হেলমেট পরতে হবে এবং নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। সাত বছরের কম বয়সী শিশুরা অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তির সরাসরি তত্ত্বাবধান ছাড়া ইলেকট্রিক স্কুটার চালাতে পারবে না। পাশাপাশি ট্রাফিক পুলিশ ও নিরাপত্তাকর্মীদের নির্দেশও মানতে হবে। বাহরাইন কর্তৃপক্ষের লক্ষ্য, সড়ক দুর্ঘটনা কমানো এবং চালক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

 

সৌদি আরব

সৌদিতে সামনের দুই মাস বাড়বে বৃষ্টি, বাড়বে গরমও

সৌদি আরবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তবে তাপমাত্রাও বাড়তি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর ও নভেম্বর মাসে সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। অক্টোবর মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত, আর নভেম্বরে এই সম্ভাবনা ৭৫ শতাংশ পর্যন্ত। মক্কা, রিয়াদ, মদিনা, জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। অক্টোবরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। নভেম্বরে এই বৃদ্ধি হতে পারে ২ দশমিক ৫ ডিগ্রি এবং ডিসেম্বরে ১ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত। তাই সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ভারী বৃষ্টির সময় সতর্কতার সাথে এবং নিরাপদে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে চালু হলো কিউআর কোড টিকিট ব্যবস্থা

দুবাইয়ে গণপরিবহনে যাতায়াত আরো সহজ করতে চালু হয়েছে নতুন ডিজিটাল টিকিট ব্যবস্থা। এখন থেকে যাত্রীরা দুবাই মেট্রো, ট্রাম ও পাবলিক বাসে যাতায়াতের জন্য মোবাইল ফোনেই ব্যবহার করতে পারবেন কিউআর কোড টিকিট। ৯ অক্টোবর ২০২৬ তারিখে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বা আরটিএ এই সুবিধা চালু করেছে। যাত্রীরা nol Pay অথবা S’hail অ্যাপের মাধ্যমে একবারের যাত্রার টিকিট কিংবা এক দিনের পাস কিনতে পারবেন। এরপর মেট্রো স্টেশনের প্রবেশপথে নীল রিডারে কিউআর কোড স্ক্যান করতে হবে। আর বাসে উঠতে ফোনের কিউআর কোড ধরতে হবে প্রবেশপথের লাল নোল রিডারের সামনে। ট্রামেও ব্যবহার করা যাবে এই ডিজিটাল টিকিট। টিকিট কেনার পর ব্যবহার না করলে সেটি ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে এক দিনের পাস প্রথমবার ব্যবহার করার পর ওই দিন মধ্যরাতেই এর মেয়াদ শেষ হবে, ২৪ ঘণ্টায় নয়। ফলে কাগজের টিকিট ছাড়াই স্মার্টফোনের মাধ্যমে আরো সহজে যাতায়াত করতে পারবেন দুবাইয়ের বাসিন্দা ও ভ্রমণকারীরা।

 

কুয়েত

কুয়েতে পৃথক ঘটনায় একাধিক বাংলাদেশি আটক

কুয়েতে আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন বাংলাদেশি প্রবাসী, অন্যদিকে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরো এক বাংলাদেশি। কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৯ অক্টোবর জাবরিয়া এলাকায় সড়কে ময়লা ফেলার অভিযোগে এক বাংলাদেশি ট্রাকচালককে আটক করে ট্রাফিক বিভাগ। তদন্তে দেখা যায়, তিনি যে ধরনের সেমি-ট্রাক চালাচ্ছিলেন, তার জন্য প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্সও তার ছিল না। পরে তাকে নির্বাসন-সংক্রান্ত প্রক্রিয়ার অপেক্ষায় আটক কেন্দ্রে পাঠানো হয় এবং ট্রাকটি জব্দ করা হয়। অন্যদিকে, ৮ অক্টোবর পৃথক একটি অভিযানে অবৈধভাবে মুদ্রা বিনিময়, সিগারেট বিক্রি এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া ভ্রমণসংক্রান্ত কাগজপত্র তৈরির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। তার বাসা থেকে সরকারি ভর্তুকির খাদ্যসামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। দুটি ঘটনাই এখন আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছে। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এসকল ব্যাপারে সচেতন থাকতে হবে।

 

ওমান

ওমানে পুলিশ সেজে ছিনতাই, অভিযুক্ত আটক

ওমানে পুলিশ কর্মকর্তা সেজে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ! গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ধোফার প্রদেশে এই ঘটনা ঘটেছে। রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে এশীয় বংশোদ্ভূত দুই ব্যক্তির ওপর হামলা চালান। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ধোফার প্রদেশের পুলিশ কমান্ড অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ভুক্তভোগী দুই ব্যক্তি কোন দেশের নাগরিক, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তাই ওমানে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ পুলিশ পরিচয়ে কাছে এলে তার পরিচয় নিশ্চিত করুন এবং সন্দেহজনক কিছু ঘটলে দ্রুত দেশটির পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Logo