ওমানে পাঁচ হাজার কৃষিকর্মী নিতে ঢাকা সফরে এসেছেন দেশটির শ্রম, কৃষি ও মৎস্য খাতের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে তারা কৃষি কাজে দক্ষ কর্মী এবং মৎস্য খাতে বাংলাদেশ থেকে জেলে নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরসহ সংশ্লিষ্টদের সাথে দেখা করেছেন। সেখানে দুই দেশের শ্রমবাজার ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ওমানের প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানও ঘুরে দেখেছেন।
৬ অক্টোবর তারা নারায়ণগঞ্জের বিএমইটির অধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশি কর্মীদের কীভাবে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আরো দক্ষ করে গড়ে তোলা যায়, প্রশিক্ষণ ব্যবস্থা ও ব্যবহারিক সুবিধা কেমন- এসব বিষয় তারা যাচাই করে দেখেন।
বিশেষ করে মৎস্য খাতে দক্ষ জনশক্তি তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ওমানে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে।
একই সঙ্গে নিরাপদ অভিবাসন এবং দক্ষ কর্মী তৈরির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ আরো বাড়ানোর লক্ষ্য রয়েছে। তাই যারা মৎস্য, কারিগরি বা অন্যান্য দক্ষ পেশায় প্রশিক্ষিত, তাদের জন্য ওমানের শ্রমবাজারে নতুন সুযোগের দরজা খুলতে পারে।
logo-1-1740906910.png)