কুয়েতে প্রবাসীর লাশ দেশে পাঠাতে চাঁদা না তোলার অনুরোধ দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮
কুয়েতে মারা যাওয়া বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা বা অর্থ সংগ্রহের প্রবণতা নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। ৫ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কুয়েতে আকামাবিহীন বা অনিয়মিত অবস্থানে থাকা বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে পাঠানোর কথা বলে অর্থ সংগ্রহে মানুষকে উৎসাহিত করছে। দূতাবাস বলছে, এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রবাসী বাংলাদেশিদের সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা উচিত।
বিজ্ঞপ্তিতে কুয়েতের প্রচলিত শ্রম আইনের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘১৮ নম্বর ভিসায়’ কর্মরত কোনো বাংলাদেশি প্রবাসী মারা গেলে তার মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় সংশ্লিষ্ট কোম্পানি বা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করতে বাধ্য।
অন্যদিকে, ‘২০ নম্বর ভিসায়’ গৃহকর্মী হিসেবে কর্মরত অবস্থায় কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কফিল বা নিয়োগকর্তার ওপর।
দূতাবাস আরো জানায়, যেসব প্রবাসীর কোনো কফিল নেই অথবা যারা আকামাবিহীন অবস্থায় মারা যান, তাদের ক্ষেত্রেও পরিবারকে দুশ্চিন্তা করতে হবে না।
এ ধরনের ক্ষেত্রে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিজস্ব অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান আইন ও নিয়ম অনুসারে মরদেহ দেশে পাঠানোর জন্য সাধারণ মানুষের কাছ থেকে অনুদান বা চাঁদা সংগ্রহের প্রয়োজন হয় না। তাই কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর মাধ্যমে এ ধরনের অর্থ সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক আবেগকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি বা চক্র অর্থ সংগ্রহের চেষ্টা করতে পারে। ফলে প্রবাসীদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তথ্য যাচাই না করে কোনো আর্থিক সহায়তা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো আকামাবিহীন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে তার পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের সরাসরি বাংলাদেশ দূতাবাসে লিখিত আবেদন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
দূতাবাস বলছে, মরদেহ দেশে পাঠানো, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়সহ সব ধরনের সহায়তা যথাযথ নিয়মে দেওয়া হবে।
logo-1-1740906910.png)