প্রবাসী বাংলাদেশিদের জন্য জেদ্দা কনস্যুলেটের বিশেষ সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিশেষ সতর্কতা জারি করেছে। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো বিষয় প্রকাশ, প্রচার বা শেয়ার করা যাবে না যা স্থানীয় আইন বা জননিরাপত্তার বিরুদ্ধে যায়। ফেসবুক, ইউটিউব বা এক্সে এ ধরনের পোস্টে লাইক বা মন্তব্য করাও ঝুঁকিপূর্ণ হতে পারে।
কনস্যুলেট সতর্ক করেছে, কোনো কাগজপত্র না বুঝে স্বাক্ষর করা যাবে না। সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। নিজের ইকামা ব্যবহার করে অন্যের নামে মোবাইল, সিম, গাড়ি বা সম্পদ নিবন্ধন করাও নিষিদ্ধ।
এছাড়া এক প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা করা বা অবৈধভাবে পানি বিক্রি করা- এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করতে বলা হয়েছে। চাকরির প্রলোভনে প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।
কনস্যুলেট বলেছে, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রবাসীদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করবে। একই সঙ্গে দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে সাহায্য করবে।
logo-1-1740906910.png)