জেদ্দায় বাংলাদেশি পোশাকের বাজার সম্প্রসারণে বি টু বি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৬
সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে জেদ্দায় বি টু বি নেটওয়ার্কিং সভা ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল—‘সৌদি আরব ও বৈশ্বিক বাজারে বাংলাদেশি পোশাক শিল্পের উৎকর্ষের অগ্রগতি: ঐতিহ্য থেকে উচ্চ-প্রযুক্তিগত টেকসই প্রবৃদ্ধি’।
সেমিনারে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা, বাণিজ্যিক সম্ভাবনা এবং টেকসই প্রবৃদ্ধির কৌশল তুলে ধরেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা। আলোচনায় অংশ নেন ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মো. মাজহারুল ইসলাম।
সেমিনারে সৌদি আরবসহ জিসিসি অঞ্চলের বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য, গুণগত মান বজায় রাখা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সৌদি আরবের সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের সরাসরি সংযোগ স্থাপন জরুরি। বিটুবি নেটওয়ার্কিং ও এ ধরনের সেমিনার দেশীয় পণ্যের প্রচারে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়নে এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবি সেশন ও সেমিনারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সৌদি ফ্যাশন ও টেক্সটাইল কোম্পানির সিইও, ব্যবসায়ী, স্থানীয় আমদানিকারক ও উদ্যোক্তাদের পাশাপাশি সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুর রহমান এবং জেদ্দা গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় দুই দেশের ব্যবসায়ী ও আমদানিকারকেরা নতুন বাজারজাতকরণ কৌশল, বাণিজ্যিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকদের মতে, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পোশাক ও টেক্সটাইল পণ্যের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)
