সৌদির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিতবিটুবি নেটওয়ার্কিং ও স
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৯
সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে জেদ্দায় এক বিটুবি (B2B) নেটওয়ার্কিং সভা ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— "সৌদি আরব ও বৈশ্বিক বাজারে বাংলাদেশী পোশাক শিল্পের উৎকর্ষের অগ্রগতি: ঐতিহ্য থেকে উচ্চ-প্রযুক্তিগত টেকসই প্রবৃদ্ধি"।
সেমিনারে বাণিজ্যিক সম্ভাবনার সার্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির কৌশল উপস্থাপন করেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।
অনুষ্ঠানে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব মো: মাজহারুল ইসলাম।
সৌদি আরবসহ জিসিসি বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য আনয়ন, গুণগত মান বজায় রাখা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ওপর সেমিনারে আলোকপাত করা হয়।
কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, "সৌদি আরবের বিশাল ও সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের সরাসরি সংযোগ স্থাপন করা জরুরি। এ ধরনের বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার আয়োজন আমাদের দেশীয় পণ্য প্রচারে কার্যকর ভূমিকা রাখবে। তিনি ব্যবসায়ীদের সহায়তায় কনস্যুলেটের সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র অর্থায়নে, বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় এ বছর প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিটুবি সেশন ও সেমিনারে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইলস কোম্পানির সিইও, সৌদি ব্যবসায়ী, সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জনাব আব্দুর রহমান, জেদ্দা গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপুসহ স্থানীয় আমদানিকারক ও উদ্যোক্তাবৃন্দ।
সেমিনারে মুক্ত আলোচনায় উভয় দেশের ব্যবসায়ী ও আমদানিকারকগণ নতুন বাজারজাতকরণ কৌশল, বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি এবং সামগ্রিক আমদানি-রপ্তানি বৃদ্ধির নানামুখী সম্ভাবনাময় দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ উদ্যোগ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর অনুঘটক হিসেবে কাজ করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
logo-1-1740906910.png)
