মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাহরাইনে পেট্রোল ফুরাচ্ছে দ্রুত, সংসদে উঠল অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১
বাহরাইন
বাহরাইনে পেট্রোল ফুরাচ্ছে দ্রুত, সংসদে উঠল অভিযোগ
বাহরাইনে গাড়ির
পেট্রোল আগের তুলনায় দ্রুত ফুরিয়ে যাচ্ছে- এমন অভিযোগ নিয়ে সংসদে জবাব চেয়েছেন কয়েকজন
এমপি। এমপি জালাল কাদেম আল মাহফুদ বলেন, অনেক নাগরিক জানিয়েছেন, গাড়ি চালানোর অভ্যাস
বা দূরত্বে বড় কোনো পরিবর্তন না থাকলেও এখন আগের চেয়ে দ্রুত জ্বালানি শেষ হচ্ছে। বর্তমানে
বাহরাইনে ৯১ অকটেন পেট্রোলের দাম প্রতি লিটার ২২৫ ফিলস, ৯৫ অকটেন ২৪৭ ফিলস, ৯৮ অকটেন
৩৮০ ফিলস এবং ডিজেল ২২৯ ফিলস। এমপিরা জানতে চান, পেট্রোলের মান বা উপাদানে কোনো পরিবর্তন
হয়েছে কিনা, যা গাড়ির মাইলেজে প্রভাব ফেলছে। বিষয়টি নিশ্চিত করতে তারা সরকারি কারিগরি
পরীক্ষা ও বৈজ্ঞানিক যাচাইয়ের দাবি জানিয়েছেন। তবে এক মোটরিং বিশেষজ্ঞ পেট্রোলে পরিবর্তনের
ধারণা নাকচ করে চালকদের গতি কমানো এবং হঠাৎ জোরে ব্রেক না করার পরামর্শ দিয়েছেন, যা
জ্বালানি খরচ এবং ফুয়েল কনজামশন কমতে পারে।
সৌদি আরব
সৌদিতে নতুন ৬ ড্রাইভিং স্কুল হবে ৬ অঞ্চলে
সৌদি আরবে বিভিন্ন
অঞ্চল ও গভর্নরেটে আরো ৬টি নতুন ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে জেনারেল ডিরেক্টরেট
অব ট্রাফিক। কর্তৃপক্ষ জানিয়েছে, আসির, জাজান, দাম্মাম মেট্রোপলিটন এলাকা, হাইল, মক্কা
এবং আল-জাওফ; এই ৬টি এলাকায় একটি করে নতুন ড্রাইভিং স্কুল স্থাপন করা হবে।
এই প্রকল্পে অংশ নিতে আগ্রহী কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিকের
ট্রাফিক লাইসেন্স বিভাগে যোগাযোগ করে প্রকল্পের শর্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে
বলা হয়েছে। ঘোষণার তারিখ থেকে এক মাসের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তাদের আবেদন
জমা দিতে হবে। নতুন এই ৬টি ড্রাইভিং স্কুল চালু হলে সৌদির বিভিন্ন অঞ্চলে ড্রাইভিং
প্রশিক্ষণের সুযোগ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংযুক্ত আরব
আমিরাত
আমিরাতে অবসরপ্রাপ্তদের
স্বাস্থ্যবিমার খরচ বাড়ছে
সংযুক্ত আরব আমিরাতে অবসর নেওয়া প্রবাসীদের জন্য স্বাস্থ্যবিমার খরচ বয়স বাড়ার সঙ্গে উল্লেখযোগ্যভাবে বেড়ে
যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ৫০-এর পর এবং বিশেষ করে ৬০ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে
প্রিমিয়াম দ্রুত বাড়তে শুরু করে। কারণ বয়সের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের
মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ে। চাকরির সময় কোম্পানির দেওয়া বিমা শেষ হয়ে গেলে অবসরপ্রাপ্তদের
নিজেদের নামে পলিসি নিতে হয়, যা নির্দিষ্ট পেনশন বা সঞ্চয়ের ওপর থাকা ব্যক্তিদের জন্য
বড় খরচ হয়ে দাঁড়াতে পারে। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য বছরে বেসিক বিমায় প্রায়
৭ হাজার ৫০০ থেকে ১২ হাজার দিরহাম, মিড-রেঞ্জে ১৪ থেকে ২২ হাজার এবং কমপ্রিহেনসিভ প্ল্যানে
২৫ থেকে ৪৫ হাজার দিরহাম পর্যন্ত খরচ হতে পারে। আর বাস্তবসম্মত স্থানীয় কভারেজের জন্য
বছরে প্রায় ১৫ থেকে ২৫ হাজার দিরহাম বাজেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে; আন্তর্জাতিক
কভারেজ বা জটিল চিকিৎসার প্রয়োজন হলে খরচ ৩০ থেকে ৫০ হাজার দিরহাম বা তারো বেশি হতে
পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু কম প্রিমিয়াম দেখে বিমা না কিনে হাসপাতাল নেটওয়ার্ক,
কো-পেমেন্ট, ডিডাক্টিবল, ওষুধ, দীর্ঘমেয়াদি রোগ, প্রি-এক্সিস্টিং কন্ডিশন এবং বার্ষিক
কভারেজ সীমা ভালোভাবে যাচাই করা উচিত।
ওমান
ওমানে ভাইরাল ভিডিও, আইনি ব্যবস্থা নিল পুলিশ
ওমানে কর্মীদের দিকে রিয়াল ছুঁড়ে ফেলার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত করেছে রয়্যাল ওমান পুলিশ। একটি ভিডিওতে দেখা যায়, এক প্রবাসী দায়িত্ব পালনরত এক কর্মীর দিকে রিয়াল ছুড়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে একই ধরনের ঘটনা দেখা যায় এক নারী কর্মীর সঙ্গে। তবে পুলিশ জানিয়েছে, নারী কর্মীকে নিয়ে তৈরি দ্বিতীয় ভিডিওটি আসলে বাস্তব ঘটনা নয়; সচেতনতা তৈরির উদ্দেশ্যে সেটি আগে থেকেই পরিকল্পনা করে ধারণ করা হয়েছিল। ওই নারী কর্মী এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে দুই ভিডিওর সঙ্গে জড়িত সব পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হওয়ার পর তার সত্যতা যাচাই না করে সিদ্ধান্তে না পৌঁছানোর বিষয়েও এই ঘটনায় গুরুত্ব দেওয়া হয়েছে।
কাতার
কাতারে ওয়ার্ক ব্যান ভঙ্গ, বন্ধ হলো ৩৮৮ সাইট
কাতারে গরমের সময় খোলা জায়গায় কাজের নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮টি কর্মস্থল বন্ধ করে দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চালানো হিট স্ট্রেস প্রতিরোধ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। এ সময় মোট ১ হাজার ৬৩৮টি পরিদর্শন চালিয়ে ৬৪৪টি লঙ্ঘন শনাক্ত করা হয়। নিয়ম ভাঙা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিটি সংশ্লিষ্ট কর্মস্থল ৩ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত প্রচণ্ড গরম ও আর্দ্রতার সময় শ্রমিকদের হিট স্ট্রেস থেকে সুরক্ষা দিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ভাঙার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম চলবে।
logo-1-1740906910.png)