Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

জেদ্দায় সৌদি ফ্যাশন এক্সপোতে বাংলাদেশ

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩

জেদ্দায় সৌদি ফ্যাশন এক্সপোতে বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এই বাণিজ্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল পণ্যের সম্ভাবনা তুলে ধরতে অংশ নিয়েছে ১১টি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনের পর বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি আঞ্চলিক ব্যবসায়িক কাউন্সিলের প্রতিনিধি ওসামা কোউকানদি। এ সময় সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

এবারের এক্সপোতে ২৫টির বেশি দেশের অংশগ্রহণে ৫৫০টিরও বেশি বুথ রয়েছে। আয়োজকদের হিসাবে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা মেলায় অংশ নিচ্ছেন।

বাংলাদেশের হয়ে অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠান হলো— জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন এবং আল নূর গার্মেন্টস লিমিটেড।

পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য নিয়ে তথ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। এতে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের পণ্য নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বড় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতা তৈরি এবং রপ্তানি সম্প্রসারণে এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

Logo