Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী নেতাদের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী নেতাদের বৈঠক

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ভিসা-পাসপোর্ট জটিলতা, এনআইডি ও জন্মনিবন্ধনের তথ্যের অমিল, বিশেষ পেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন কমিউনিটির ১৬টি সংগঠনের নেতারা। 

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে পাসপোর্টের সঙ্গে এনআইডি ও জন্মনিবন্ধনের তথ্যের অসঙ্গতি দূর করার দাবি জানান সংগঠনগুলোর নেতারা।

এমন একটা সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যখন আট বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার খোলার চেষ্টা, বাহরাইন-বাংলাদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরও এখনো এনিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। 

এছাড়া বাংলাদেশ স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং দেশে ফেরার পর প্রবাসীদের জন্য বিশেষ পেনশন সুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়।

কমিউনিটির নেতারা বলেন, এসব দাবির অনেকগুলো সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। তাই রাষ্ট্রদূতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো পৌঁছে দেওয়ার পাশাপাশি বাহরাইন প্রবাসীদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা আন্তরিকতার সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Logo