Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ সেপ্টেম্বর ২০২৬

উৎসবের আমেজে সৌদি আরবে জাতীয় দিবস উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৬

উৎসবের আমেজে সৌদি আরবে জাতীয় দিবস উদযাপন

বাহরাইন

শিশুদের অনলাইন সতর্কবার্তাবাহরাইনে এক যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন সাইবারস্পেসের চাইল্ড প্রটেকশন ইউনিট অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং তথ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় শিশুদের অনলাইনে নিরাপত্তা নিয়ে অভিভাবকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগের ঝুঁকি সম্পর্কে সন্তানদের সচেতন করা এবং ছবি, ব্যক্তিগত তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য অপরিচিতদের সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ফেসবুক, টিকটকে এসব অপরাধের বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসীদের, যাতে কোনো অভিযোগের কারণে তাদের জীবন বিপদের মুখে না পড়ে।

সৌদি আরব

উৎসবের আমেজে সৌদি আরবে জাতীয় দিবস উদযাপন

সৌদি আরবে ২৩ সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে দেশটির ৯৬তম জাতীয় দিবস। ১৯৩২ সালে বাদশাহ আবদুল আজিজ বিন আবদুর রহমান আল সৌদের নেতৃত্বে সৌদি আরবের একীকরণের স্মরণে প্রতি বছর দিনটি জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এবারের জাতীয় দিবস উপলক্ষে দেশজুড়ে থাকছে নানা বর্ণিল আয়োজন। রাজধানী রিয়াদে সামরিক ও বিমান প্রদর্শনীর পাশাপাশি জেদ্দায় নৌবাহিনীর বিশেষ প্রদর্শনী এবং বিভিন্ন শহরে প্যারেড ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় দিবসের রাতে রিয়াদ, জেদ্দা, মদিনা, আল খোবার, হাইল, আরার, আল বাহা, তাবুক ও বুরাইদাহএই ৯ শহরে রাত ৯টায় আতশবাজি ফোটানোর অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় দিবস উপলক্ষে সৌদিতে বসবাসরত নাগরিকদের পাশাপাশি দেশটিতে থাকা বিপুলসংখ্যক প্রবাসীর মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।

সংযুক্ত আরব আমিরাত

ফুজাইরায় চালকদের সতর্কবার্তা, মোবাইল ব্যবহারে ৮০০ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ পুলিশ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারসহ যে কোনো ধরনের মনোযোগ বিঘ্নের বিরুদ্ধে চালকদের সতর্ক করেছে। পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার বা অন্য কোনো কারণে চালকের মনোযোগ রাস্তা থেকে সরে গেলে ৮০০ দিরহাম জরিমানা ও চারটি ব্ল্যাক পয়েন্ট দেওয়া হতে পারে। ফুজাইরাহ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় চালকদের সব সময় সড়কের দিকে পূর্ণ মনোযোগ রাখার আহ্বান জানিয়েছে। ইউএইতে একজন চালকের লাইসেন্সে ১২ মাসের মধ্যে মোট ২৪টি ব্ল্যাক পয়েন্ট জমা হলে লাইসেন্স স্থগিত হওয়ার বিধান রয়েছে। কর্তৃপক্ষ বলছে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া চালক, যাত্রী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

ওমান

ওমানের সালালায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

ওমানের সালালাহ ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিতে বিশেষ কার্যক্রমের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে দূতাবাসের কনস্যুলার টিম প্রবাসীদের বিভিন্ন সেবা দেবে। এর মধ্যে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা অন্তর্ভুক্ত রয়েছে। সেবা নিতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সঙ্গে নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে নির্ধারিত সময়ে সেবা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেবা কার্যক্রমের স্থান, সময় ও প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত তথ্য দূতাবাসের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

কুয়েত

কুয়েত থেকে ট্রানজিট ফ্লাইট চালুর খবর নাকচ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ১ অক্টোবর ট্রানজিট ফ্লাইট চালু হচ্ছেএমন খবর নাকচ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজিহ জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিমানবন্দরে পরিচালনাকারী এয়ারলাইনগুলোকে ১ অক্টোবর থেকে ট্রানজিট ফ্লাইট চালুর বিষয়ে কোনো অনুমতিও দেওয়া হয়নি। তিনি এ ধরনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাচাই করার জন্য এয়ারলাইনগুলোকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রকাশের কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ট্রানজিট ফ্লাইট চালুর বিষয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত হলে তা কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Logo