Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে বেআইনি কর্মী নিয়োগে ১ লাখ রিয়াল জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১

সৌদিতে বেআইনি কর্মী নিয়োগে ১ লাখ রিয়াল জরিমানা

বাহরাইন

বাহরাইনে অবৈধ পার্কিং বন্ধে নতুন উদ্যোগের প্রস্তাব

বাহরাইনের মুহাররাক এলাকায় ব্যস্ত দোকানগুলোর সামনে অবৈধ ও ডাবল পার্কিং নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। মুহাররাক মিউনিসিপ্যাল কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান সালেহ বুহাজা প্রস্তাবটি তুলে ধরেন। এতে দোকানের সামনে দ্রুত অর্ডার সংগ্রহের জন্য প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে যেন যান চলাচলে বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বারবার যানজট বা রাস্তা অবরোধের কারণ হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা এবং অনুমতি ছাড়া চেয়ার বা অন্য কোনো বস্তু দিয়ে সরকারি পার্কিংয়ের জায়গা দখল বন্ধের প্রস্তাব রয়েছে। অবৈধভাবে বা দ্বিতীয় সারিতে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বিদ্যমান ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাহরাইনে বসবাসকারী প্রবাসীদের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রেও এসব উদ্যোগ পার্কিং ও যানজটসংক্রান্ত ভোগান্তি কমানোর ক্ষেত্রে কার্যকর প্রস্তাব হতে পারে।

সৌদি আরব

সৌদিতে বেআইনি কর্মী নিয়োগে ১ লাখ রিয়াল জরিমানা 

সৌদি আরবে অবৈধভাবে প্রবাসী কর্মী নিয়োগ বা অন্য প্রতিষ্ঠানের স্পন্সর করা কর্মীকে কাজে নিয়োগ দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানার মুখে পড়তে হবে প্রতিষ্ঠান ও মালিকদের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো নিয়োগকর্তা তার কর্মীকে নিজের হিসাবে বা অন্যের জন্য কাজ করার সুযোগ দিলে, কিংবা অন্য নিয়োগকর্তার স্পন্সরশিপে থাকা কর্মীকে কাজে নিয়োগ করলে এই শাস্তি প্রযোজ্য হবে। এর পাশাপাশি সর্বোচ্চ পাঁচ বছর নতুন কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা, প্রতিষ্ঠানের নাম স্থানীয় গণমাধ্যমে প্রকাশ এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপকের সর্বোচ্চ এক বছর কারাদণ্ড হতে পারে। ব্যবস্থাপক প্রবাসী হলে কারাদণ্ডের পর তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, একই ঘটনায় একাধিক কর্মী জড়িত থাকলে জরিমানার পরিমাণ কর্মীর সংখ্যা অনুযায়ী গুণ করা হবে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন মেনে চলার জন্য নিয়োগকর্তা ও কর্মীদের সতর্ক করেছে।

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে ৪ মিনিটে তিনজন আটক, উদ্ধার ১ লাখ ৯০ হাজার দিরহাম 

দুবাইয়ের নাইফ এলাকায় ১ লাখ ৯০ হাজার দিরহাম চুরির অভিযোগে তিন সন্দেহভাজনকে মাত্র চার মিনিটের মধ্যে আটক করেছে দুবাই পুলিশ। পুলিশ জানিয়েছে, চুরির খবর পাওয়ার পর নাইফ পুলিশ স্টেশনের ই-স্কুটার টহল দল মাত্র দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলের এলাকায় পৌঁছে যায় এবং পরবর্তী দুই মিনিটের মধ্যে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া পুরো ১ লাখ ৯০ হাজার দিরহাম উদ্ধার করা হয়। দুবাই পুলিশের নাইফ পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার ওমর মুসা আশুর জানান, ঘনবসতিপূর্ণ বাজার ও সরু গলিতে দ্রুত চলাচলের সুবিধার কারণে ই-স্কুটার টহল পুলিশের দ্রুত সাড়া দিতে সহায়ক হচ্ছে। দুবাই পুলিশ এমন ক্ষিপ্র তৎপরতার প্রশংসা করছেন, প্রবাসী ও বাসিন্দারা।

ওমান

ওমানে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু

ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য ২০২৭ সালের হজ মৌসুমের নিবন্ধন শুরু করেছে দেশটির আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সরকারি ইলেকট্রনিক হজ সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করা যাবে। ওমানে বসবাসরত যোগ্য প্রবাসীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে হজের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ওমানে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম প্রবাসীদের জন্যও এটি ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

কুয়েত

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির কাছ থেকে মাদক উদ্ধার 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদকজাতীয় ট্যাবলেট জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে তিনটি ব্যাগে মোট প্রায় ৫ কেজি গাঁজা (মারিজুয়ানা), ছয়টি ব্যাগে ৩১৯ দশমিক ৩ গ্রাম (ক্রিস্টাল মেথ) এবং ৩১টি ব্যাগে ৬ হাজার ২১১টি এক্সট্যাসি ট্যাবলেট উদ্ধার করা হয়। বর্তমানে এ ঘটনায় জব্দ করা মাদকসহ সন্দেহভাজনকে কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অ্যালকোহলবিরোধী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনগত ও কাস্টমস প্রক্রিয়া চলছে। কুয়েতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে, ফলে অপরাধ প্রমাণ হলে বিচারে প্রবাসী বাংলাদেশির শক্ত সাজা হতে পারে। 

Logo