Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইনে দোকানের বাইরে পণ্য রাখায় নতুন সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩

বাহরাইনে দোকানের বাইরে পণ্য রাখায় নতুন সতর্কতা

বাহরাইন

বাহরাইনে দোকানের বাইরে পণ্য রাখায় নতুন সতর্কতা

বাহরাইনের মুহাররাক মিউনিসিপ্যালিটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে জানিয়েছে, দোকানের বাইরের জায়গা অনুমতি ছাড়া নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না। দোকানের নির্ধারিত সীমানার বাইরে থাকা জায়গা অনেক ক্ষেত্রে সরকারি রাস্তা বা ফুটপাতের অংশ হতে পারে। সেখানে পণ্য প্রদর্শন, ডিসপ্লে প্ল্যাটফর্ম বা সরঞ্জাম রাখা, ছাউনি দেওয়া কিংবা এমন কোনো জিনিস রাখা, যাতে ফুটপাত বা রাস্তার কিছু অংশ দখল হয়; এসবের জন্য আগে সরকারি অনুমতি নিতে হবে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যবসায়ীরা পাবলিক রোড অকুপেশন লাইসেন্সের মাধ্যমে অনুমোদিত জায়গা ব্যবহার করতে পারবেন। এ জন্য দোকান মালিকদের আগে নিজেদের সম্পত্তির সীমানা ও বাইরের জায়গার বৈধতা যাচাই করে প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার পরামর্শ দিয়েছে মুহাররাক মিউনিসিপ্যালিটি।


সৌদি আরব

সৌদিতে রোগীর ছবি প্রকাশ, প্রবাসী ডাক্তারের বিরুদ্ধে তদন্ত

সৌদি আরবে রোগীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এক প্রবাসী শিশু চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। অভিযোগ রয়েছে, চিকিৎসা দেওয়ার সময় ওই ডাক্তার রোগীদের ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে এমনভাবে ছবি প্রকাশ করেন, যাতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ন হয়। এছাড়া সৌদি চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ওই চিকিৎসককে তলব করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে তিনি যে স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন, সেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চিকিৎসককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীর গোপনীয়তা বা মর্যাদা লঙ্ঘন কিংবা স্বাস্থ্যবিধি ও পেশাগত নীতিমালা ভঙ্গের ক্ষেত্রে নির্ধারিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এমন কোনো অনিয়ম চোখে পড়লে ৯৩৭ নম্বরে যোগাযোগ করে জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।


কুয়েত

কুয়েতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি তরুণী গুরুতর আহত

কুয়েতের উপকূলীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি তরুণী। স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর দুর্ঘটনার পর জরুরি চিকিৎসা দল ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় ওই তরুণীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল-আদান হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির চালক একজন সিরীয় নাগরিক। ঘটনার পর তাকে আটক করে স্থানীয় থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 

সংযুক্ত আরব আমিরাত

আবুধাবিতে ৯৪৮ শ্রমিকের ৭৮ লাখ দিরহাম পাওনা আদায়

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিনটি  বিরোধের নিষ্পত্তির মাধ্যমে ৯৪৮ শ্রমিকের জন্য ৭৮ লাখ ১১ হাজার ৯৩৩ দিরহাম পাওনা আদায় করেছে আবুধাবি লেবার কোর্ট। আদালতের তথ্য অনুযায়ী, শ্রমিকদের মোট দাবি ছিল প্রায় ১ কোটি ২৩ লাখ দিরহাম। এর মধ্যে ৪৫৭ জন শ্রমিক তাদের পাওনা পুরোপুরি পেয়েছেন এবং ৪৯১ জন পেয়েছেন আংশিক অর্থ; বাকি অর্থ নির্ধারিত কিস্তিতে পরিশোধ করা হবে। আবুধাবি লেবার কোর্ট, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে এই অর্থ আদায় করা হয়। আদালতের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তির ফলে শ্রমিকদের পাওনা নিশ্চিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানও অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে।


ওমান

ওমানে অবৈধ প্রবেশের চেষ্টা ২৩, এশীয় আটক

ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২৩ জন এশীয় নাগরিককে আটক করেছে দেশটির কোস্ট গার্ড পুলিশ। রোববার দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা আটক করা হয়, যেখানে ওই ২৩ জন ছিলেন। রয়্যাল ওমান পুলিশের কোস্ট গার্ড ইউনিট নৌকাটি আটক করে তাদের হেফাজতে নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তবে তাদের জাতীয়তা বা তারা কোথা থেকে ওমানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Logo