Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে গিয়াস কাদের চৌধুরী এমপি

ভিসা জটিলতা নিরসনে আমিরাতের আইন মেনে চলার আহ্বান

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪

ভিসা জটিলতা নিরসনে আমিরাতের আইন মেনে চলার আহ্বান

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের আমন্ত্রণে আবুধাবি বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।

শনিবার ১৯ সেপ্টেম্বর সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়। বিশেষ করে ভিসা বাতিল, ভিসা-সংক্রান্ত জটিলতা, নতুন ভিসা খোলা এবং ভিসা ট্রান্সফারসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় গিয়াস কাদের চৌধুরী এমপি বলেন, অতীতে নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা; তাদের কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, প্রবাসীদের সেবা আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। ভিসা-সংক্রান্ত সেবা দ্রুততর করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে এ বিষয়ে চলমান কূটনৈতিক আলোচনা আরো জোরদার করা হয়েছে।

বৈঠক শেষে প্রবাসীদের কল্যাণ, ঐক্য ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, প্রবাসীদের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দ্রুত ইতিবাচক ফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উদীয়মান রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরী, হাজি সরাফত আলী, আলহাজ ইয়াকুব সৈনিক, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, মোরশেদুল আলম সিআইপি, হাজি জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, মোহাম্মদ নুরুন্নবী, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মো. হোসেন, মোহাম্মদ বাবলুসহ আবুধাবি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।


Logo