ইউরোপে এক মাস তেল রপ্তানি বন্ধ করছে সৌদি আরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭
আগামী মাসে ইউরোপের অন্তত দুইটি শোধনাগারকে কোনো অপরিশোধিত তেল দেবে না সৌদি আরামকো। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সামনে এসেছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনে ড্রোন হামলার পর।
ইউরোপের ক্রেতারা সাধারণত মাসিক চুক্তির মাধ্যমে সৌদি তেল সংগ্রহ করে। কিন্তু এবার সেই সরবরাহ বন্ধ থাকবে। এতে ইউরোপীয় ক্রেতাদের বিকল্প উৎস খুঁজতে হচ্ছে। পোল্যান্ডের রাষ্ট্রীয় কোম্পানি ইতেমধ্যেই নতুন চালান সংগ্রহের চেষ্টা করছে। এর ফলে আঞ্চলিক তেলের দাম বেড়ে গেছে। ‘ডেটেড ব্রেন্ট’ বেঞ্চমার্ক একপর্যায়ে ব্যারেলপ্রতি ১৩০ ডলারের ওপরে উঠে যায়।
ড্রোন হামলার পর সৌদি আরবকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করতে হয়। আরামকো জানিয়েছে, কয়েক দিনের মধ্যে আংশিক কার্যক্রম চালু হবে এবং ছয় সপ্তাহের মধ্যে পুরো সক্ষমতায় ফিরবে। এ সময় এশিয়ার গ্রাহকদের জন্য বিরলভাবে স্পট চুক্তিতে তেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে।
এশিয়ার জন্য তেল যাচ্ছে পারস্য উপসাগর হয়ে। ফলে আরামকো আবারো হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ পথে নির্ভর করছে। চলমান সংঘাতের কারণে এ পথ অনেকটা এড়িয়ে চলছিল তারা। তবে ইউরোপের জন্য এই রুট কার্যকর নয়। কারণ জাহাজগুলোকে হয় লোহিত সাগর দিয়ে যেতে হবে, যেখানে ইয়েমেনের হুথি যোদ্ধারা হামলা চালাচ্ছে, অথবা আফ্রিকা ঘুরে পাঁচ সপ্তাহের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
ইউরোপের শোধনাগারগুলো সাধারণত মিসরের সিদি কেরি বন্দর দিয়ে সৌদি তেল সংগ্রহ করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, জুন মাসে ইউরোপের ওইসিডি দেশগুলো প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল সৌদি তেল আমদানি করেছে।
logo-1-1740906910.png)