মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১০
বাহরাইন
বাহরাইনে একদিনে ৩ বার মলে চুরি, ৫ বছরের জেল
বাহরাইনে একদিনেই তিনবার শপিং মলের অফিসে ঢুকে চুরি ও এক কর্মীকে কাঁচি দিয়ে হামলার ঘটনায় ২৪ বছর বয়সী এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। আদালতের নথি অনুযায়ী, ঘটনার দিন সকাল ৮টার দিকে অফিসে ঢুকে প্রথমে বিভিন্ন ক্যাবিনেট তল্লাশি করে একটি কি-কার্ড নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। সেখান থেকে দুটি স্ক্যানার, কম্পিউটার মনিটর, স্ক্রু-ড্রাইভার, হাতুড়ি, একটি দামি ঘড়ি, স্মার্টওয়াচ, চারটি পেনড্রাইভ, ২৬টি গ্রিটিং কার্ড ও একটি কোম্পানির ব্যাংক কার্ড চুরি করেন। এ সময় এক ভারতীয় কর্মী তাকে দেখে প্রশ্ন করলে, তিনি কাঁচি দিয়ে ওই কর্মীর কানে আঘাত করে পালিয়ে যান। পরে এক নিরাপত্তাকর্মী তাকে ধাওয়া করলে তিনি চুরি করা জিনিসপত্র একটি ভবনে রেখে ধাতব বস্তু দিয়ে হামলার চেষ্টা করেন। কিন্তু এতেও থামেননি; একই দিন আবার মলের অফিসে ফিরে একটি প্লেস্টেশন ৫ এবং দুটি নিনটেন্ডো সুইচ চুরি করে লিফটে পালানোর চেষ্টা করেন। মলের একজন ম্যানেজার তাকে আটকানোর চেষ্টা করলে তিনি কিছু ব্যাগ ফেলে পালিয়ে যান এবং পরে তৃতীয়বার অফিসে ঢুকে আরো জিনিস চুরি করেন। শেষ পর্যন্ত কর্মীরা তাকে শনাক্ত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জুলাই মাসে তাকে ডাকাতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল; অনুপস্থিতিতে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপত্তি জানালেও আদালত এবার আপত্তি খারিজ করে আগের সাজাই বহাল রেখেছে।
সৌদি আরব
রিয়াদে বিমান হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে হঠাৎ বিমান হামলার সতর্কতা জারি করা হয়, এরপর শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় ভোর ৩টার কিছু আগে বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে জানানো হয়, এলাকাটি আকাশপথে শত্রু হামলার ঝুঁকিতে রয়েছে এবং সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং প্রায় আধা ঘণ্টা পর সতর্কতা তুলে নেওয়া হয়। একই সময়ে রিয়াদ ও আল-খারজে সৌদি সিভিল ডিফেন্সের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে এবং বাইরে থাকলে দ্রুত কোনো ভবনের ভেতরে বা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে বলা হয়। পাশাপাশি ভিড় না করা, ঘটনাটি ভিডিও না করা এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পরে সিভিল ডিফেন্স জানায়, রিয়াদ ও আল-খারজে বিপদের আশঙ্কা কেটে গেছে।
কুয়েত
কুয়েতে মাদককাণ্ডে বাংলাদেশি প্রবাসী আটক
কুয়েতে মাদক পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৮ সেপ্টেম্বর কুয়েতের ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে রাসায়নিক পদার্থে ভেজানো ৮০০টি কাগজ, তরল রাসায়নিক পদার্থভর্তি দুটি অ্যাম্পুল এবং দুটি প্রিসিশন স্কেল জব্দ করা হয়েছে। তদন্তে কর্মকর্তারা দাবি করেছেন, এসব সামগ্রী মাদক পাচার ও ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ওই ব্যক্তির কাছে ছিল। পরে আটক ব্যক্তি ও জব্দ করা সামগ্রী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার এই বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি কুয়েত পুলিশ।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে শ্রমিকদের আবাসনে নতুন নিয়ম
দুবাইয়ে শ্রমিকদের থাকার জায়গার জন্য নতুন নিয়ম কানুন ঠিক করেছে দুবাই মিউনিসিপ্যালিটি। নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক শ্রমিকের ঘুমানোর জন্য ন্যূনতম ৩ দশমিক ৭ বর্গমিটার জায়গা থাকতে হবে। মানে একজন শ্রমিক ঘুমাবেন প্রায় ৪০ বর্গফুট জায়গায়, যা প্রায় ৬ ফুট বাই সাড়ে ৬ ফুট! এছাড়া শ্রমিকদের আবাসিক এলাকায় বিভিন্ন সেবার জন্য জনপ্রতি ৮ দশমিক ৯ থেকে ১০ দশমিক ৩ বর্গমিটার মোট জায়গা এবং বিনোদন ও খোলা জায়গার জন্য জনপ্রতি শূন্য দশমিক ৭৫ থেকে ১ দশমিক ৫ বর্গমিটার জায়গা রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে পরিচালিত এই কর্মসূচির আওতায় দুবাই মিউনিসিপ্যালিটি ইতোমধ্যে ১ হাজার ৪১৭টি শ্রমিক আবাসন ভবন পরিদর্শন করেছে। এর মধ্যে ১৯টি আবাসনকে মডেল শ্রমিক আবাসন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে; ৩টি প্লাটিনাম, ৯টি গোল্ড এবং ৭টি সিলভার শ্রেণিতে। পাশাপাশি শ্রমিক এলাকাগুলোতে হাঁটার রাস্তা, পার্কিং, দোকান, কমিউনিটি সুবিধা ও খেলাধুলার জায়গা উন্নয়নের কাজও করা হচ্ছে।
logo-1-1740906910.png)