মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে অনুমোদনহীন নিয়োগপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
বাহরাইন
বাহরাইনে ভুয়া চ্যারিটি নিয়ে সতর্কতা
বাহরাইনে ভুয়া দাতব্য সংগ্রহের নামে প্রতারণা নিয়ে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, অজানা নম্বর বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে শিশু বা অসহায় মানুষের সাহায্যের কথা বলে পাঠানো আবেদনে সাড়া দিয়ে টাকা পাঠালে তা প্রতারকদের হাতে যেতে পারে, এমনকি সেই অর্থ সন্ত্রাসী গোষ্ঠীর কাছেও পৌঁছানোর ঝুঁকি রয়েছে। হীদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার জনগণকে টাকা পাঠানোর আগে কে অর্থ সংগ্রহ করছে, প্রতিষ্ঠানটি অনুমোদিত কিনা, ওয়েবসাইটটি আসল কিনা এবং অর্থ কোথায় যাচ্ছে; এসব যাচাই করার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়া অর্থ সংগ্রহ করা অপরাধ। তাই অচেনা হোয়াটসঅ্যাপ বার্তা বা নম্বরের পরিবর্তে অনুমোদিত সেবার মাধ্যমে দান করার আহ্বান জানানো হয়েছে। উদাহরণ হিসেবে জাকাত ফান্ড ও ‘ফায়েল খাইর’-এর কথা উল্লেখ করেছে পুলিশ, যেখানে সহায়তা দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও মামলার তথ্য যাচাই করার সুযোগ রয়েছে।
সৌদি আরব
সৌদিতে অনুমোদনহীন নিয়োগপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা
সৌদি আরবে অনুমোদনহীন নিয়োগ ও শ্রমসেবা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সাম্প্রতিক অভিযানে লাইসেন্স ছাড়া নিয়োগ বা শ্রমসেবা দেওয়া ১০টি প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তিমালিকানাধীন ব্যবসা, জেনারেল সার্ভিস অফিস এবং ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সেবা দেওয়া প্রতিষ্ঠানও রয়েছে। লাইসেন্স ছাড়া এ ধরনের সেবা দেওয়ার অপরাধে প্রথমবার ২ লাখ, দ্বিতীয়বার ২ লাখ ২০ হাজার এবং তৃতীয়বার সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বৈধ নিয়োগের জন্য সরকার অনুমোদিত মুসানেদ প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে সৌদি পাসপোর্ট অধিদপ্তর এক মাসে ইকামা, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় নাগরিক ও প্রবাসীদের বিরুদ্ধে ২২ হাজার ৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কারের মতো শাস্তিও রয়েছে। কর্তৃপক্ষ নাগরিক, প্রবাসী ও ব্যবসায়ীদের অবৈধভাবে থাকা ব্যক্তিদের কাজে নিয়োগ, আশ্রয়, পরিবহন বা অন্য কোনো সহায়তা না দেওয়ার আহ্বান জানিয়েছে।
কুয়েত
কুয়েতে অগ্নিনিরাপত্তা গাফিলতি, বন্ধ করা হলো ২৩ প্রতিষ্ঠান
কুয়েতের আহমাদি গভর্নরেটে অগ্নিনিরাপত্তা আইন মেনে চলা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির জেনারেল ফায়ার ফোর্স। আল-ফাহাহিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ও ইস্ট আহমাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় চালানো পরিদর্শনে মোট ২০১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ২৩টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফায়ার ফোর্স জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি কমানো এবং প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের আশঙ্কা ঠেকাতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে। তাই প্রবাসী ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।
সংযুক্ত আরব আমিরাত
আবুধাবিতে নিলামে উঠেছে অতি ক্ষুদ্র কোরআন শরিফ
আবুধাবিতে নিলামে উঠেছে ১৯ শতকের একটি অতি ছোট আকারের পবিত্র কোরআন শরিফ, যার উচ্চতা মাত্র ২৬ মিলিমিটার। এত ছোট হলেও এতে কোরআন শরিফের সম্পূর্ণ আয়াতগুলো লেখা রয়েছে। যার ফলে এই কোরান শরিফকে বিরল ঐতিহাসিক নিদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোরআনটির সূক্ষ্ম লেখা ও ক্ষুদ্র আকার এটিকে বিশেষ সংগ্রহযোগ্য বস্তুতে পরিণত করেছে। আবুধাবিতে আয়োজিত নিলাম বা বিক্রয় প্রদর্শনীতে এটি সংগ্রাহকদের নজর কেড়েছে। সংশ্লিষ্টদের মতে, এমন ক্ষুদ্র আকারের পুরোনো কোরআন অত্যন্ত বিরল এবং ইসলামী শিল্প ও পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।
logo-1-1740906910.png)