জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০১
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার শুভেচ্ছা ও শুভকামনা ড. খলিলুর রহমানের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান অধিবেশনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার সাফল্য কামনা করেন।
বৈঠকে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সঙ্গে বাহরাইনের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের গুরুত্বপূর্ণ এজেন্ডা, আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন তারা।
আলোচনায় হরমুজ প্রণালী ও বাব আল-মানদেব প্রণালীতে নৌ চলাচলে বিঘ্নের প্রভাব, আঞ্চলিক সংঘাত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও উঠে আসে।
বৈঠকে জাতিসংঘে বাহরাইনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত জামাল ফারেস আলরুয়াইয়ি এবং পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)