সৌদি আরবে তীব্র গরম থেকে শ্রমিকদের সুরক্ষায় জারি করা দুপুরে খোলা আকাশের নিচে কাজের নিষেধাজ্ঞা শেষ হয়েছে।
১৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৫ জুন থেকে তিন মাসের জন্য এই নিয়ম কার্যকর ছিল।
এ সময় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের নিচে কাজ বন্ধ রাখতে বলা হয়। নির্মাণ, সড়ক ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতের শ্রমিকরা এই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।
একই সঙ্গে শ্রমিকদের জন্য ছায়াযুক্ত বিশ্রামের জায়গা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন মাসে দেশজুড়ে ২৯ হাজার ৯৪৫টি পরিদর্শন চালানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ প্রতিষ্ঠান নিয়ম মেনে চলেছে।
তবে ১ হাজার ৭৭১টি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেও অতিরিক্ত গরমের সময় শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত পানি, বিশ্রাম ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)