মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে শেষ হলো মিড ডে ওয়ার্ক ব্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৪
বাহরাইন
বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন, একজনের ৫ বছরের জেল
বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন ও প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। একই সঙ্গে তাকে ২ হাজার বাহরাইনি দিনার জরিমানা এবং জব্দ করা সামগ্রী বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাহরাইনের চিফ প্রসিকিউটর ফর টেররিজম ক্রাইমস জানিয়েছেন, সাইবার ক্রাইম ডিরেক্টরেটের প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ইরানের হামলার পক্ষে ছবি, ভিডিও ও মন্তব্য পাওয়া যায়। পরে পাবলিক প্রসিকিউশন মামলাটি আদালতে পাঠায় এবং কয়েক দফা শুনানির পর আদালত রায় ঘোষণা করে। প্রসিকিউশন জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা আইন দ্বারা সুরক্ষিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো কনটেন্ট প্রকাশ বা ছড়িয়ে দেওয়া যাবে না, যা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন, প্রশংসা বা বৈধতা দেয় কিংবা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে। এ ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরব
সৌদিতে শেষ হলো মিড ডে ওয়ার্ক ব্যান
সৌদি আরবে তীব্র গরম থেকে শ্রমিকদের সুরক্ষায় জারি করা দুপুরে খোলা আকাশের নিচে কাজের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৫ জুন থেকে তিন মাসের জন্য এই নিয়ম কার্যকর ছিল। এ সময় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের নিচে কাজ বন্ধ রাখতে বলা হয়। নির্মাণ, সড়ক ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতের শ্রমিকরা এই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। একই সঙ্গে শ্রমিকদের জন্য ছায়াযুক্ত বিশ্রামের জায়গা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন মাসে দেশজুড়ে ২৯ হাজার ৯৪৫টি পরিদর্শন চালানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ প্রতিষ্ঠান নিয়ম মেনে চলেছে। তবে ১ হাজার ৭৭১টি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেও অতিরিক্ত গরমের সময় শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত পানি, বিশ্রাম ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ফ্লু টিকা নিয়ে নতুন নির্দেশনা
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬-২৭ মৌসুমের ফ্লু টিকাদান কর্মসূচিতে নতুন করে স্কুল শিক্ষার্থী এবং রমজানে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া ভ্রমণকারীদের অগ্রাধিকার গ্রুপে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তালিকায় গর্ভবতী নারী, ছয় মাস বা তার বেশি বয়সী শিশু, স্কুল শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ, স্বাস্থ্যকর্মী এবং হজ-ওমরাহ যাত্রীদের রাখা হয়েছে। তবে স্কুল শিক্ষার্থীদের জন্য টিকা নেওয়া এখনো সুপারিশ, বাধ্যতামূলক নয়; অন্যদিকে সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ হজযাত্রীদের ভ্রমণের আগে মৌসুমি ফ্লু টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। ইউএইতে ছয় মাস বা তার বেশি বয়সী যে কেউ চাইলে টিকা নিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক সচেতনতামূলক এই কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা নেওয়ার প্রায় দুই সপ্তাহ পর শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তাই ফ্লু মৌসুমের আগে টিকা নেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজ করা, কাশি-হাঁচির সময় সতর্কতা এবং অসুস্থ হলে দ্রুত আলাদা থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
ওমান
ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মীর সুযোগ
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে ওমান। দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিকল্পনা অনুযায়ী, ৫ হাজার বাংলাদেশি কৃষি খাতে এবং আরো ৫ হাজার কর্মী মৎস্য খাতে কাজের সুযোগ পাবেন। নিয়োগের বিস্তারিত ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য আরো বিস্তৃত শ্রমবাজার তৈরির চেষ্টা করছে ঢাকা। বর্তমানে বাংলাদেশিদের কিছু ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ থাকায় নিয়মিতভাবে কর্মী পাঠানোর সুযোগ পুনরায় চালুর জন্যও কূটনৈতিকভাবে আলোচনা চলছে। পাশাপাশি দক্ষ ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের ওমানের বিভিন্ন খাতে পাঠানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার।
logo-1-1740906910.png)