মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ সেপ্টেম্বর ২০২৬
মক্কায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫ পাকিস্তানি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১
বাহরাইন
বাহরাইনের নতুন মার্কেটে থাকছে ৬০টি স্টল
বাহরাইনের ঈসা টাউনে দীর্ঘদিন বন্ধ থাকা লেবানন ট্রেড সেন্টারে ৬০টি স্টল নিয়ে একটি কেন্দ্রীয় খাদ্য বাজার স্থাপনের প্রস্তাব করা হয়েছে। সাউদার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য মুবারক ফারাজ জানিয়েছে, প্রস্তাবিত বাজারে মাছ, ফল ও সবজি, মাংস এবং পোলট্রি বিক্রির জন্য আলাদা স্টল থাকবে। এর মধ্যে মাছ ও ফল-সবজি বিক্রেতাদের জন্য ২০টি করে স্টল রাখার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বাজারটি মূলত ছোট স্থানীয় ব্যবসায়ীদের জন্য করা হবে, যাতে তারা তুলনামূলক কম ভাড়ায় ব্যবসা পরিচালনার সুযোগ পান। ভবনটিতে বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সুবিধা থাকায় নতুন করে ভবন নির্মাণের খরচও কমবে। লেবানন ট্রেড সেন্টারটি ২০২২ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সুবিধা ও ঈসা টাউনের প্রয়োজন বিবেচনায় নিয়ে পুরোনো স্থাপনাটিকে নতুন করে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর নতুন মার্কেটের কারণে তৈরি হতে পারে নতুন চাকরি। যা প্রবাসীদের জন্য ভালো খবর বলেই ধরে নেওয়া যায়।
সৌদি আরব
মক্কায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫ পাকিস্তানি আটক
সৌদি আরবের মক্কা অঞ্চলে পরিবেশবিষয়ক আইন লঙ্ঘন করে অবৈধভাবে পলিমাটি ও মাটি উত্তোলনের অভিযোগে পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করেছে দেশটির স্পেশাল ফোর্সেস ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা অনুমোদন ছাড়াই মাটি উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত ছিলেন। এ সময় মাটি খনন ও পরিবহনে ব্যবহৃত পাঁচটি সরঞ্জামও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মক্কা বা সৌদির অন্য কোথাও নিজের ইচ্ছায় মাটি, বালি, পাথর বা পলিমাটি তুলে ট্রাক/মেশিনে করে নিয়ে গিয়ে বিক্রি করা নিরাপদ নয়। এমনকি বৈধ খনন ব্যবসার ক্ষেত্রেও উত্তোলন, পরিবহন ও বিক্রির আলাদা নিয়ম রয়েছে সৌদিতে। কারণ সৌদি আরবের কাছে বালি, পলি, পাথর, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রিত সম্পদ। লাইসেন্সপ্রাপ্ত খনন এলাকায়ও পরিবেশগত প্রভাব, পুনর্বাসন এবং উত্তোলিত উপাদানের বৈধ উৎস নিশ্চিত করার নিয়ম রয়েছে। ফলে এসব নিয়ম সম্পর্কে সতর্ক থাকতে হবে সৌদি প্রবাসী বাংলাদেশিদের।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে টেইলগেটিংয়ের বিরুদ্ধে পুলিশের সতর্কতা
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ গাড়ি চালানোর সময় সামনের গাড়ির খুব কাছাকাছি থেকে অনুসরণ করা বা ‘টেইলগেটিং’ নিয়ে চালকদের সতর্ক করেছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং গুরুতর হতাহতের ঘটনা ঘটতে পারে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শারজাহে টেইলগেটিং-সংক্রান্ত দুর্ঘটনায় একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা কমাতে চালকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।শারজাহ পুলিশ জানিয়েছে, সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব না রাখলে হঠাৎ ব্রেক করার সময় দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ব্যস্ত সড়ক ও উচ্চগতির রাস্তায় টেইলগেটিং মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অন্য গাড়িকে অযথা চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে শারজাহ পুলিশ।
ওমান
ওমানে মেয়ের হাতে মায়ের মৃত্যু, এশীয় নারী আটক
ওমানের আল খৌদ এলাকায় মাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় এশীয় বংশোদ্ভূত এক প্রবাসী নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। হামলায় গুরুতর আহত ওই নারী পরে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের তথ্য অনুযায়ী, আল খৌদ এলাকায় ওই নারী তার মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। আহত মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর হামলার কারণ ও এর পেছনের পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। একই সঙ্গে মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি আরো স্পষ্ট হবে। বর্তমানে আটক নারী পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তিনি কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
কুয়েত
কুয়েতে মাদকসহ দুই বাংলাদেশি আটক
কুয়েতে মাদক পাচার ও সংরক্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ক্রিমিনাল সিকিউরিটি। মুবারক আল-কাবির গভর্নরেটের তদন্ত বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি খালি জায়গায় সন্দেহজনকভাবে অবস্থান করা এক ব্যক্তিকে তল্লাশি করে মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো সেখানে সংরক্ষণ এবং বিভিন্ন ব্যক্তিকে এর অবস্থান জানিয়ে সংগ্রহের সুযোগ করে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি স্থানে অভিযান চালিয়ে আরো মাদক উদ্ধার করা হয়। মাহবুলা এলাকায় ওই ব্যক্তির বাসা থেকেও কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়। পরবর্তী তদন্তে দ্বিতীয় সন্দেহভাজনকে শনাক্ত করে মুত্তালায় তার বাসা থেকে আটক করা হয়। তার কাছ থেকেও মাদক ও নিষিদ্ধ বিভিন্ন পদার্থ উদ্ধার করা হয়েছে। দুই বাংলাদেশির কাছ থেকে ৩৩টি গাঁজার প্যাকেটসহ আরো নানা মাদক উদ্ধার করা হয়েছে।
logo-1-1740906910.png)