আমিরাতে মানব পাচারের চেষ্টা, এক নারীসহ কয়েকজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮
সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বাহিনী মানব পাচারের দুটি আলাদা অভিযান ব্যর্থ করেছে। অভিযানে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাবলিক প্রসিকিউশন।
প্রথম ঘটনায় ১৮ জন এশীয় নাগরিককে অবৈধভাবে আমিরাতে প্রবেশ করানোর পরিকল্পনা করা হয়েছিল। একজন উপসাগরীয় নাগরিক এ কাজে সহযোগিতা করছিলেন। তিনি সীমান্ত দিয়ে প্রবেশের সময় ধরা পড়েন। তার সঙ্গে ছিলেন দুই অনুপ্রবেশকারী এবং পরিবারের পাঁচ সদস্য। পরিবারকে সঙ্গে নেওয়া হয়েছিল, যাতে পুরো যাত্রা একটি সাধারণ ভ্রমণ মনে হয় এবং পাচার কার্যক্রম গোপন থাকে।
দ্বিতীয় ঘটনায় একজন বিদেশি নাগরিককে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একজন উপসাগরীয় নারী ও তার মেয়ে পরিকল্পনা করে এ কাজ করছিলেন। তারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পাচারের চেষ্টা করেন। তদন্তে জানা গেছে, ওই নারী নিয়মিত এ ধরনের পাচার কার্যক্রমে জড়িত ছিলেন। তার মেয়ের স্বামীও পূর্বে একই ধরনের মামলায় অভিযুক্ত ছিলেন।
দুটি ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। পাবলিক প্রসিকিউশন তদন্ত করছে, কে কীভাবে এ কাজে অংশ নিয়েছে তা খুঁজে বের করা হচ্ছে। উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান ব্যর্থ হওয়া প্রমাণ করে তাদের সতর্কতা ও দক্ষতা। সীমান্তে অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে কঠোর নজরদারি চলছে। সমাজের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)