Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ইকামা স্থানান্তরে ফিলিস্তিনিদের তিন মাস সময়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭

কুয়েতে ইকামা স্থানান্তরে ফিলিস্তিনিদের তিন মাস সময়

কুয়েতে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে তাদের ইকামা বা বসবাসের অনুমতি ভ্রমণ নথি থেকে ফিলিস্তিনি পাসপোর্টে স্থানান্তর করতে হবে। কুয়েতি কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়েছে।

জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি অ্যাফেয়ার্স জানিয়েছে, ফিলিস্তিনি ভ্রমণ নথি ব্যবহারকারীদের এখন ফিলিস্তিনি অথরিটি কর্তৃক প্রদত্ত পাসপোর্ট নিতে হবে। এরপর সেই পাসপোর্টে তাদের কুয়েতি বসবাসের অনুমতি স্থানান্তর ও নবায়ন করা হবে।

কুয়েতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামি তাহবুব জানিয়েছেন, দূতাবাস কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। তিন মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দূতাবাস ইতোমধ্যেই আবেদনকারীদের চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে।

ফিলিস্তিনি দূতাবাস ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। লক্ষ্য হলো দ্রুত পাসপোর্ট ইস্যু করা। এমনকি কুয়েতেই দূতাবাসে পাসপোর্ট প্রিন্ট করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।

প্রায় ৮ হাজার ৭০০ জন ফিলিস্তিনি ভ্রমণ নথি ব্যবহার করছেন। তারা এ নিয়মের আওতায় আসবেন। এছাড়া যারা ইতোমধ্যেই ফিলিস্তিনি পাসপোর্ট নিয়েছেন, তারাও সুবিধা পাবেন।

সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হচ্ছে। তাদের ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে পাসপোর্ট নিতে হবে। এরপর কুয়েতি কর্তৃপক্ষ বসবাসের অনুমতি স্থানান্তর করবে।

এই পদক্ষেপ ফিলিস্তিনি নাগরিকদের বসবাস ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করবে। একই সঙ্গে কুয়েতি কর্তৃপক্ষের কাছে তাদের পরিচয় ও নথি আরো সঠিকভাবে সংরক্ষিত হবে।

Logo